কক্সবাজারের টেকনাফে দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে বিশেষ অভিযান চালিয়েছে বাংলাদেশ নৌবাহিনী। শুক্রবার (১৯ ডিসেম্বর) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হ্নীলা ইউনিয়নে এই অভিযান পরিচালনা করা হয়। নৌবাহিনীর বিশেষায়িত ফোর্স সোয়াডস (SWADS) এবং নৌবাহিনী কন্টিনজেন্ট টেকনাফ উপজেলার শীর্ষ সন্ত্রাসী লম্বা মিজান-এর বাসায় এই বড় ধরনের অভিযানটি চালায়।
অভিযান চলাকালে ওই সন্ত্রাসীর ঘর তল্লাশি করে বিভিন্ন ধরনের দেশি ও বিদেশি অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে তিনটি পিস্তল, বিভিন্ন মডেলের ৯ রাউন্ড লাইভ অ্যামুনিশন, ৪ রাউন্ড পিস্তল বল, দুটি দেশীয় অস্ত্র এবং ১০ হাজার পিস ইয়াবা। অভিযানে নৌবাহিনীর পাশাপাশি টেকনাফ থানার পুলিশ সদস্যরাও অংশগ্রহণ করেন। উদ্ধারকৃত এসব অস্ত্র, গোলাবারুদ ও মাদক পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ নৌবাহিনী জানিয়েছে, উপকূলীয় অঞ্চলসহ দায়িত্বপূর্ণ এলাকায় অবৈধ অস্ত্র, মাদক ও দুষ্কৃতিকারীদের দমনে নৌবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জনকল্যাণে নৌবাহিনীর এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতে আরও জোরালোভাবে অব্যাহত থাকবে।