খুলনা

ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরলেন এক দম্পতি ও তাঁদের দুই বছরের সন্তান

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে ট্রাভেল পারমিটের মাধ্যমে এক দম্পতি ও তাঁদের দুই বছর বয়সী সন্তান দেশে ফিরেছেন।

সোমবার রাতে তাঁরা দেশে ফেরেন বলে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনের ওসি সাইফুর রহমান নিশ্চিত করেছেন।

তিনি জানান, যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধীন বেনাপোল আইসিপির সীমান্ত পিলার ১৮/৮-এস সংলগ্ন শূন্যরেখায় ভারতীয় ইমিগ্রেশন পুলিশ তাঁদের বাংলাদেশ ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।

এ সময় দুই দেশের ইমিগ্রেশন কর্মকর্তা, পুলিশ, পেট্রাপোল ও বেনাপোল আইসিপির কোম্পানি কমান্ডার এবং বিভিন্ন সংবাদকর্মী উপস্থিত ছিলেন।

ফেরত আসা তিনজনের বাড়ি বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ থানার ধরাদোয়া ধেথলার (ডেপুয়ারপাড়) গ্রামে।

যথাযথ তথ্যের বরাতে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ওসি সাইফুর রহমান জানান, ভালো কাজের আশায় ২০২৩ সালে তাঁরা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে যান। সেখানে অবস্থানকালে অবৈধ অনুপ্রবেশ ও অবৈধভাবে অবস্থানের অভিযোগে ভারতীয় পুলিশ তাঁদের আটক করে।

পরে তাঁদের কেরালার পাঠানপুরামে ‘গান্ধীভবন আন্তর্জাতিক ট্রাস্ট’-এ রাখা হয়। এরপর দুই দেশের আইনি প্রক্রিয়া শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তাঁদের দেশে ফিরিয়ে আনা হয়।

ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে তিনজনকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয় বলে জানান ওসি সাইফুর।

তিনি বলেন, “থানায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শেষে তাঁদের যশোরের মানবাধিকার সংগঠন ‘জাস্টিস অ্যান্ড কেয়ার’-এর প্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হয়েছে। সংগঠনটির প্রতিনিধিরা তাঁদের পরিবারের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন।”



সম্পর্কিত খবর