দেশের খবর

তীব্র ঠাণ্ডায় কাহিল পার্বতীপুরের মানুষ

দিনাজপুরের পার্বতীপুরে শীতের দাপট আরো বেড়েছে। ভোর ও রাতের দিকে তাপমাত্রা নেমে যাওয়ায় তীব্র শীত অনুভূত হচ্ছে। ঘন কুয়াশা ও ঠাণ্ডা বাতাসের কারণে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। শীত নিবারণে পর্যাপ্ত গরম কাপড় না থাকায় নিম্নআয়ের মানুষের দুর্ভোগ বেড়েছে।

 

 

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, জেলার তাপমাত্রা ৯ থেকে ১২ ডিগ্রির মধ্যে ওঠানামা করছে। আজ সোমবার (৫ জানুয়ারি) সকাল ৯টায় দিনাজপুর জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, যা গতকাল রবিবার ছিল ১১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। তার আগের দিন শনিবার ছিল ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া ১ জানুয়াররি ৯ দশমিক ৭ এবং ২ জানুয়ারি ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

 

 

 

এদিকে, শীতের প্রভাবে পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঠাণ্ডাজনিত রোগে আক্রান্তদের সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে। বিশেষ করে শিশু ও বয়স্কদের মধ্যে সর্দি-কাশি, জ্বর, শ্বাসকষ্ট, নিউমোনিয়া এবং ডায়রিয়া নিয়ে প্রতিদিনই রোগীরা হাসপাতালে ভিড় করছেন। চিকিৎসকরা শীতজনিত রোগে আক্রান্তদের বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিচ্ছেন।

 

শৈত্যপ্রবাহের কারণে জরুরি কাজ ছাড়া মানুষ ঘর থেকে বের হচ্ছেন না।

 

 

তবে পরিবারের চাহিদা মেটাতে অনেকেই শীত উপেক্ষা করেই কাজের সন্ধানে ছুটছেন। তবে জনশূন্য হয়ে পড়েছে ব্যস্ততম সড়ক ও হাটবাজারগুলো। 

দিনাজপুরের আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন বলেন, দিনাজপুর ও পঞ্চগড় জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং এটি অব্যাহত রয়েছে। তাপমাত্রা আরো কমার সম্ভাবনা রয়েছে।

 



সম্পর্কিত খবর