পটুয়াখালীর বাউফলে দুধে গোসল করে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন ইউনিয়ন মৎস্যজীবী দলের এক শীর্ষ নেতাসহ বিএনপির তিন শতাধিক নেতাকর্মী। সোমবার (২৬ জানুয়ারি) রাতে উপজেলার বগা ইউনিয়নে আয়োজিত এক জনসভায় এই ব্যতিক্রমী যোগদান অনুষ্ঠান সম্পন্ন হয়।
দুধে গোসল করে আলোচনায় আসা মো. জালাল বগা ইউনিয়ন মৎস্যজীবী দলের ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন। তাঁর সঙ্গে ওই ইউনিয়নের বিএনপি ও অঙ্গসংগঠনের প্রায় দুই শতাধিক নেতাকর্মী জামায়াতে ইসলামীতে শামিল হন। প্রতীকী এই গোসলের মাধ্যমে তিনি পূর্বের রাজনৈতিক সংশ্রব ত্যাগের ঘোষণা দেন।
যোগদান অনুষ্ঠানে মো. জালাল তাঁর বক্তব্যে বলেন, “দীর্ঘদিন রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও আদর্শ ও ইসলামী মূল্যবোধের অভাব আমাকে ব্যথিত করেছে। আত্মশুদ্ধির প্রতীক হিসেবে দুধে গোসল করে পূর্বের রাজনৈতিক কালিমা মুছে ফেলতে চেয়েছি। নৈতিকতা ও আল্লাহভীতির রাজনীতির টানেই আজ আমি দলবলসহ জামায়াতের কাফেলায় শামিল হয়েছি।”
অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা ও পটুয়াখালী-২ (বাউফল) আসনের মনোনীত প্রার্থী চিকিৎসক শফিকুল ইসলাম মাসুদ নতুন যোগদানকারীদের স্বাগত জানান। তিনি বলেন, “ভালোবাসা দিয়ে সব জয় করা সম্ভব। আমরা বাউফলের মানুষের ভালোবাসা নিয়ে তাঁদের পাশে থাকতে চাই। এই যোগদান বাউফল অঞ্চলে জামায়াতের সাংগঠনিক শক্তিকে আরও সুসংহত করবে এবং স্থানীয় রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তন আনবে।”