নওগাঁর পোরশা উপজেলার নিতপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে মো. ইব্রাহিম (৩৫) নামে এক বাংলাদেশি কৃষক নিহত হয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
নিহত ইব্রাহিম সাপাহার উপজেলার রোদগ্রামের বাসিন্দা এবং সৈয়দের ছেলে। বুধবার রাতের কোনো এক সময় তিনি সীমান্ত পেরিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন।
বৃহস্পতিবার ভোরে একটি মহিষের জোড়া নিয়ে দেশে ফেরার সময় ভারতের আগ্রাবাদ বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে দাবি করেন স্থানীয়রা।
ঘটনাটি আন্তর্জাতিক ২২৮ নম্বর পিলার থেকে প্রায় ৫০০ গজ ভারতের ভেতরে ঘটেছে। পরে বৃহস্পতিবার দুপুরে বিএসএফ সদস্যরা নিহত ইব্রাহিমের মরদেহ উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়। বিষয়টি নিয়ে ১৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম মাসুম জানান, “আমরা বিষয়টি সম্পর্কে অবগত হয়েছি। ঘটনার সত্যতা যাচাই করা হচ্ছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।” তিনি আরও জানান, ভারতের আগ্রাবাদ বিএসএফ ক্যাম্পের সদস্যরা গুলি চালানোর অভিযোগ অস্বীকার করেছে।
এদিকে এই ঘটনায় সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে। নিহতের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া, আর স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও ক্ষোভের সঞ্চার হয়েছে। মানবাধিকার সংগঠনগুলো দীর্ঘদিন ধরেই সীমান্তে বিএসএফের ‘নির্বিচারে গুলিবর্ষণ’ বন্ধের দাবি জানিয়ে আসছে।
এই ঘটনা সেই দাবি নতুন করে জোরালো করেছে। বিজিবি জানায়, ঘটনার পরপরই বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের উদ্যোগ নেওয়া হয়েছে, তবে বৈঠকের সময় এখনো নির্ধারিত হয়নি।