খুলনা

নড়াইলে ভবনের ছাদ থেকে ভ্যানচালকের দুই হাত বাঁধা মরদেহ উদ্ধার

নড়াইলের লোহাগড়া উপজেলা শহরের লক্ষ্মীপাশা মোল্যার মাঠের পাশে একটি ভবনের ছাদের ওপর থেকে ভ্যানচালক আজিবর শেখের (৪৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ৭টার দিকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। নিহত আজিবর সিংগা গ্রামের কুদ্দুস শেখের ছেলে। সুতা দিয়ে তাঁর দুই হাত বাঁধা ছিল। এছাড়া গলায় আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে নড়াইলের লক্ষ্মীপাশা মোল্যার মাঠের পাশে মাহিমা হোসেন গিরি বেগমের একতলা ভবনের ছাদের ওপরে আজিবর শেখের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন ওই বাড়ির ভাড়াটিয়ারা। ভবনটির সিঁড়িতে কোনো গেট না থাকায় দুর্বৃত্তরা সহজেই ছাদে উঠে যায়।

নিহতের পরিবার জানায়, আজিবর অটোভ্যান চালিয়ে বিভিন্ন দোকানে কাঠ সরবরাহ করতেন। সোমবার সন্ধ্যার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। এরপর পরিবার অনেক খোঁজখবর নেয়। একপর্যায়ে আজিবরকে পাওয়া না গেলেও ওই দিন রাত ১টার দিকে মোল্যার মাঠ থেকে আজিবরের ভ্যান উদ্ধার করেন আত্মীয়-স্বজন।

আজিবরের আপন চাচাতো ভাই সেলিম শেখ জানান, লক্ষ্মীপাশা মোল্যার মাঠের পাশের কাঠদোকানি রিপন মিয়া গত সোমবার (৯ নভেম্বর) ওমরাহ হজের উদ্দেশ্যে ঢাকায় গেছেন। এ পরিস্থিতিতে কাঠের ব্যবসার জন্য আজিবরের কাছে লক্ষাধিক টাকা রেখে যান রিপন। এরপর ওই কাঠের ব্যবসা দেখাশোনা করছিলেন আজিবর। বিষয়টি টের পেয়ে দুর্বৃত্তরা আজিবরকে হত্যা করে টাকা-পয়সা নিয়ে পালিয়েছে বলে তাঁরা ধারণা করছেন। পুলিশ তদন্ত করলে প্রকৃত রহস্য উদঘাটিত হবে।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, ‘সুতা দিয়ে আজিবরের দুই হাত বাঁধা ছিল। এ ছাড়া তাঁর গলায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শ্বাসরোধে তাঁকে হত্যা করা হয়েছে। কী উদ্দেশ্যে কে বা কারা তাঁকে হত্যা করেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’



সম্পর্কিত খবর