ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ইব্রাহিমপুরে শনিবার (১৮ অক্টোবর) সকালে ‘ডা. হামদু মিয়া স্মৃতি শিক্ষাবৃত্তি ২০২৪’-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ইব্রাহিমপুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে আয়োজিত এই অনুপ্রেরণামূলক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডা. হামদু মিয়া স্মৃতি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ডা. মো. কামরুজ্জামান।
আয়োজক সূত্রে জানা যায়, উপজেলার তিনটি ইউনিয়নের মোট ৩৭টি বিদ্যালয়ের ২০০ জন শিক্ষার্থী এই বৃত্তি পরীক্ষায় অংশ নেয়। মেধা যাচাইয়ের মাধ্যমে তাদের মধ্যে ১০ জন শিক্ষার্থীকে ট্যালেন্টপুল এবং ১৫ জনকে সাধারণ গ্রেডে বৃত্তি প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইব্রাহিমপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আবু মোছা, সাবেক চেয়ারম্যান নোমান চৌধুরী, নবীনগর সরকারি কলেজের সাবেক ভিপি গোলাম হোসেন খান টিপু, ইউনিয়ন বিএনপি সভাপতি সবুজ সরকার, উপজেলা বিএনপির সদস্য উবায়দুল্লাহ সরকার এবং বিএনপি নেতা শাকিল আহমেদ। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ‘ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন ৯৬ ব্যাচের’ সদস্য আল-আমিন অনুষ্ঠানটির সঞ্চালনের দায়িত্বে ছিলেন।
বক্তারা বলেন, লেখাপড়ার উদ্দেশ্য শুধু পরীক্ষায় ভালো ফল অর্জন করা নয়, বরং প্রকৃত মানুষ হয়ে সমাজ ও দেশের কল্যাণে নিজেকে নিয়োজিত করা। তাঁরা আজকের শিক্ষার্থীদের আগামী দিনের রাষ্ট্রযন্ত্রের মূল চালিকাশক্তি হিসেবে উল্লেখ করে মেধা, সততা ও নৈতিকতার সমন্বয়ে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান। বক্তারা শিক্ষার্থীদের সফলতার পেছনে শিক্ষক ও মা-বাবার অবদানকে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন এবং তাঁদের আদর্শ ও পরামর্শ অনুসরণ করে এগিয়ে যাওয়ার উপদেশ দেন।
সভাপতির বক্তব্যে ডা. কামরুজ্জামান শিক্ষার মানোন্নয়নে এই বৃত্তি কর্মসূচি ধারাবাহিকভাবে চালিয়ে যেতে ফাউন্ডেশনের পক্ষ থেকে অঙ্গীকারাবদ্ধ থাকার কথা জানান। তিনি আরও বলেন, ফাউন্ডেশনের উদ্যোগে স্থাপিত ক্লিনিকের মাধ্যমে সাধারণ মানুষকে বিনামূল্যে চিকিৎসা পরামর্শ ও এক মাসের ওষুধ সরবরাহ করা হচ্ছে। ভবিষ্যতে ডা. হামদু মিয়া স্মৃতি ফাউন্ডেশন নবীনগরবাসীর সার্বিক মানবকল্যাণে কাজ করে যাবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিরা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সনদ, ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেন।