ঢাকা

নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু, খুঁটির নিচে মিলল দগ্ধ মরদেহ

নরসিংদী শহরের বাসাইল রেলগেট এলাকায় হাইভোল্টেজ বিদ্যুৎ সঞ্চালন লাইনের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দগ্ধ হয়ে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) সকাল ৬টা থেকে সাড়ে ৬টার মধ্যে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে বাসাইল রেলগেট এলাকার একটি বিদ্যুতের খুঁটিতে আগুন দেখতে পান স্থানীয় লোকজন। পরে ঘটনাস্থলের কাছে গিয়ে খুঁটির নিচে এক যুবকের পুড়ে যাওয়া মরদেহ পড়ে থাকতে দেখেন তাঁরা।

স্থানীয়দের ধারণা, ওই যুবক বিদ্যুতের খুঁটিতে উঠে সঞ্চালন লাইনের তার চুরির চেষ্টা করছিলেন। এ সময় বিদ্যুৎ সংযোগ সচল থাকায় তার কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এবং আগুন ধরে গিয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

খবর পেয়ে নরসিংদী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নরসিংদী মডেল থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। নিহতের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তাঁর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

 


সম্পর্কিত খবর