দেশের খবর

নানা সমস্যায় জর্জরিত কৈডোলা-জাফরশাহী উচ্চ বিদ্যালয়

জামালপুর সদর উপজেলার শাহবাজপুর ইউনিয়নের কৈডোলা-জাফরশাহী উচ্চ বিদ্যালয়টি নানা সমস্যায় জর্জরিত হয়ে পড়েছে। কাগজে ও মুখে মুখে ২-৩ একর জমি থাকলেও তা বিদ্যালয়ের দখলে নেই। বর্তমান সভাপতির দানকৃত জমিই তার নিজ দখলে। গত ১৫ ফেব্রুয়ারি ম্যানেজিং কমিটি ও কমিটির সভাপতির বিরুদ্ধে নিয়োগ বানিজ্যকরণের অভিযোগে দুদকের জেলা কার্যালয়ে একটি আবেদন জমা দেয়া হয়েছে। এ ছাড়া ১৯ ফেব্রুয়ারি অভিভাবক সদস্য নির্বাচন, এ সংক্রান্ত মামলা, ম্যানেজিং কমিটি গঠন, অনুমোদন, নিয়োগ বাণিজ্যিকরণসহ প্রতিষ্ঠানটির বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিষয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ স্কুল কমিটির সভাপতি রাশেদ মোশাররফ রিপন এবং কমিটির সচিব ও প্রধান শিক্ষক ছাইদুর রহমানকে বিভিন্ন প্রশ্ন করলে তারা সদুত্তর দিতে পারেন নি। তার শিক্ষাগত যোগ্যতা ও নৈতিকতার দিক নিয়ে সামাজিকভাবে প্রশ্ন ওঠেছে। সেই সাথে তার ভূমিকা নিয়েও বইছে নানা মহলে সমালোচনার ঝড়।

বিদ্যালয় সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটি ১৯৮৩ সালে স্থাপিত হয়। স্থানীয় সেকান্দর আলী ডিলার নামে এক ব্যক্তি সর্ব প্রথম ১৭ শতাংশ জমি দান করেন। তাই তার  নামের আদ্যাক্ষরের কৈডোলা-জাফরশাহী এস আলী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের নামকরণ হয়। এটি ১৯৯৬ সালের ১ জানুয়ারি উচ্চ বিদ্যালয়ে উন্নীত হয়। তখনকার নিয়মানুযায়ী শিক্ষা বোর্ডে ৫ লাখ টাকা জমা দিয়ে কোনো ব্যক্তির নামে প্রতিষ্ঠানের নামকরণ করার বিধান ছিল। তখন তিনি আরো ৩৫ শতাংশ জমি দান করেন। যা এখন পর্যন্তও বিদ্যালয়ের দখলে নেই। কিন্তু ৫ লাখ টাকা জমা দিতে অপারগতা প্রকাশ করায় বিদ্যালয়টির নাম কৈডোলা-জাফরশাহী এস আলী নিম্ন মাধ্যমিক বিদ্যালয় এর স্থলে শুধুমাত্র কৈডোলা-জাফরশাহী উচ্চ বিদ্যালয় নামকরণ করা হয়। ওই সময়কার ম্যানেজিং কমিটি, শিক্ষক ও বিদ্যালয়ের শুভাকাঙ্খীগণের সিদ্ধান্তে আপাতত কিছু পরিমাণ টাকা সেকান্দর আলী ডিলারকে দেয়া হয়। কারণ হিসেবে স্থানীয়রা জানায়, (১) যেহেতু ওই ব্যক্তি বিদ্যালয় স্থাপনের জন্য সর্বপ্রথম জমি দান করেছিলেন। (২) শেষ পর্যন্ত অনেক চেষ্টা করেও তার নাম বহাল রাখা যায় নি। যাতে তার হাতে গড়া বিদ্যালয়টির উন্নয়ন হয় তাই সেকান্দর আলী ডিলার সাহেব সকলের সিদ্ধান্ত সানন্দ চিত্তে মেনে নেন। এর বেশ কয়েক বছর পর এক ঘটনায় ঘরের দরজার সামনে পড়ে গিয়ে স্ট্রোক করেন। সে থেকে প্যারালাইসিসে আক্রান্ত হয়ে পড়েন। তার কিছুদিন পর তিনি মারা যান। ফলে বিদ্যালয়টি একজন হিতৈষী ব্যক্তিকে হারায়। দিন বদলের পালাক্রমে সেকান্দর আলী ডিলার সাহেবের ছেলে রাশেদ মোশারফ রিপন এখন এ বিদ্যালয়ের সভাপতি। কিন্তু তার শিক্ষাগত যোগ্যতা ও নৈতিকতার বিষয়ে বিভিন্ন মহলে নানা আলোচনা-সমালোচনা চলছে। যেমন- তিনি সভাপতি পদ লাভের জন্য ১১ শতাংশ জমি বিদ্যালয়ের নামে দান করে আজীবন দাতা সদস্য হন। কিন্তু সেটা শুধু কাগজে-কলমেই সীমাবদ্ধ। বাস্তবে তার কোন হদিস নেই। যা বর্তমান প্রধান শিক্ষকের কথায় মিল খুঁজে পাওয়া যায়। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়দের অনেকেই জানান, প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হতে গেলে শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক পাশ লাগে। আর এ বিদ্যালয়ের সভাপতির শিক্ষাগত যোগ্যতা নন-মেট্রিক। এছাড়া সভাপতি রিপন বিভিন্ন বাজে মানুষের সাথে ওঠা বসা করে বাজে কাজ-কারবারের সাথে জড়িয়ে পড়েছে। প্রধান শিক্ষক ছাইদুর রহমানের সাথে কথা বলে জানা যায়, কাগজে-কলমে ও মুখে বিদ্যালয়ের জমি আছে ২-৩ একর। খারিজে আছে মাত্র ৬৭ শতাংশ। অবশিষ্ট জমি বিদ্যালয়ের দখলে নেই। এমনকি বর্তমান সভাপতির দান করা জমিও বিদ্যালয়ের দখলে নেই।  কোথায় আছে তা তিনি জানেন না। প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) সোলায়মান কবির জানান, প্রথমে বিদ্যালয়টির নাম কৈডোলা-জাফরশাহী এস আলী নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ছিল। বোর্ডের নিয়ম মানতে ব্যর্থ হওয়ায় এর স্থলে শুধুমাত্র কৈডোলা-জাফরশাহী উচ্চ বিদ্যালয় নামকরণ করা হয়। ধর্মীয় শিক্ষক মোজাফফর হোসেন জানান, স্থানীয়রা মিলে মিশেই বিদ্যালয়ের স্বার্থে জমি দান করেছেন। বর্তমানে দানকৃত জমির পুরোটা বিদ্যালয়ের দখলে নেই। বর্তমান সভাপতি রাশেদ মোশারফ রিপনের সাথে জমি দানের বিষয়ে জানতে চাইলে তিনি জানান, বিদ্যালয়ের নামে কতটুকু জমি দান করেছেন তা তার মনে নেই।  তার দানকৃত জমি স্কুলের দখলেই আছে বলে স্বীকার করেন। পরে সভাপতি জানান, তিনি মোট ১১ শতাংশ জমি দান করেছেন। সে জমি বিদ্যালয় হতে একটু দূরে তাই পতিত পড়ে আছে। আপনার শিক্ষাগত যোগ্যতা ও নৈতিকতার দিক নিয়ে সামাজিকভাবে প্রশ্ন ওঠেছে এ বিষয়ে জানতে চাইলে তিনি প্রসঙ্গ এড়িয়ে যান। সাবেক সভাপতি আতাউর রহমান জানান, উচ্চ বিদ্যালয়ের মঞ্জুরির সময় নিয়ম মানতে না পারায় কোন ব্যক্তির নাম রাখা সম্ভব হয় নি। তবে উচ্চ বিদ্যালয়ে উন্নীত হয়েছে তাতেই এলাকাবাসী খুশি। সাবেক সভাপতি ফারুক আহমেদ জানান, স্কুলের নামে জমি আছে অনেক। কিন্তু স্কুলের দখলে নেই। সাবেক প্রধান শিক্ষক শহীদুর রহমান জানান, বিদ্যালয়ের জমি এখনও বেহাত রয়েছে। নিয়োগের কাজ সামনে আসলেই কিছু মানুষ টাকার জন্য হুড়াহুড়ি শুরু করে। শুনেছি বর্তমানেও করছে তা। তার সময়ে এমনটা ছিল না। কিন্তু বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন নিয়ে কেউ এগিয়ে আসে না। খোঁজ-খবরও নেয় না।

আরও জানা যায়, ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনের নিমিত্তে অভিভাবক সদস্য (মহিলা) নির্বাচনে অনিয়ম করা হয়েছে মর্মে এক প্রার্থী বিভিন্ন দপ্তরে অভিযোগসহ আদালতে মামলা দায়ের করেন। এর পরেও নতুন কমিটি গঠনের জন্য কতিপয় লোক অনিয়মতান্ত্রিকভাবে চলমান কমিটির অনুমোদন আনে। পরে ওই কমিটি ৬টি পদে লোক নিয়োগের জন্য জোর চেষ্টা চালায়। এক পর্যায়ে সেপ্টেম্বর/২৩ মাসের মাঝামাঝি সময়ে নিয়োগ পরীক্ষার তারিখ নির্ধারণ হয়। প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে কমিটির একাধিক সদস্যের মতানৈক্যের কারণে সে তারিখ রদ করা হয়। শেষমেশ ৩০ সেপ্টেম্বর/২৩ পুনঃ তারিখ নির্ধারিত হয়। এরপর সে তারিখও পিছিয়ে দিয়ে সর্বশেষ ২ অক্টোবর/২৩ নিয়োগ পরীক্ষার চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হয়। কিন্তু নতুন করে মামলা জটিলতার কারণে নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়। এর কারণ হিসেবে স্থানীয়রা জানায়, ম্যানেজিং কমিটির একাধিক সদস্য ৬টি পদে নিয়োগের বিপরীতে আনুমানিক ১৬/১৭ জন প্রার্থীর নিকট থেকে চাকরির আশ্বাস দিয়ে প্রায় ৪০ লক্ষ টাকা আদায় করে। এ ক্ষেত্রে টাকা দেয়া চাকরি প্রার্থীদের মধ্যে অনিশ্চয়তা দেখা দেয়। ফলে সাঈদ বাপ্পী নামের এক চাকরী প্রার্থী ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিসহ বাদীর প্রার্থীত পদের অপর দুই প্রার্থীর বিরুদ্ধে ১ অক্টোবর/২৩ আদালতে মামলা দায়ের করে। এ কারণে নিয়োগ পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য সচিব ও প্রধান শিক্ষক ছাইদুর রহমান (বিএসসি) এ প্রতিনিধিকে নিয়োগ পরীক্ষা স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে স্কুল কমিটি গত ২০ নভেম্বর/২৩ তারিখে দৈনিক ভোরের ডাক ও দৈনিক জামালপুর কণ্ঠ পত্রিকায় (নতুন করে) ৬টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। ভোরের ডাক একটি পুরনো জাতীয় পত্রিকা আর জামালপুর কণ্ঠ একটি স্থানীয় পত্রিকা এতে কোন সন্দেহ নেই। ভোরের ডাক জামালপুরে দৈনিক কত কপি আসে আর জামালপুর কণ্ঠ দৈনিক বের হয় কি না/বের হলেও কত কপি ছাপানো হয়। কমিটির স্বার্থেই গোপনে এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তাই এ নিয়ে স্থানীয়রা ঘোর আপত্তি তুলেছে। এ বিষয়ে তারা সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তাব্যক্তিদের দৃষ্টি আকর্ষণ করেছেন। এর মধ্যে ৪ ফেব্রুয়ারি সাঈদ বাপ্পী অজানা কারণে তার দায়ের করা মামলাটি প্রত্যাহার করেন। গত ১৫ ফেব্রুয়ারি ম্যানেজিং কমিটি ও কমিটির সভাপতির বিরুদ্ধে নিয়োগ বানিজ্যকরণের অভিযোগে দুদকের জেলা কার্যালয়ে একটি আবেদন জমা দেয়া হয়েছে। গত ১৬ ফেব্রুয়ারি ডিজি’র প্রতিনিধি হিসেবে জামালপুর জেলা স্কুলের প্রধান শিক্ষককে নিয়োগ দেয়া হয়েছে। এ ছাড়া ১৯ ফেব্রুয়ারি অভিভাবক সদস্য নির্বাচন, এ সংক্রান্ত মামলা, ম্যানেজিং কমিটি গঠন, অনুমোদন, নিয়োগ বাণিজ্যিকরণসহ প্রতিষ্ঠানটির বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিষয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ স্কুল কমিটির সভাপতি রাশেদ মোশাররফ রিপন এবং কমিটির সচিব ও প্রধান শিক্ষক ছাইদুর রহমানকে বিভিন্ন প্রশ্ন করলে তারা সদুত্তর দিতে পারেন নি। উল্লেখ্য, প্রধান শিক্ষকের অফিস কক্ষে বর্তমান নিয়ম না মেনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি টানানো হয়েছে। অর্থাৎ জাতির পিতার ছবি সামান্য হলেও একটু উপরে আর প্রধানমন্ত্রীর ছবি একটু নিচে টানানোর বিধান মানা হয় নি। ছবি দুটো সমান উচ্চতায় টানানো হয়েছে। তাইতো কবি রবীন্দ্রনাথ ঠাকুর এক বাণীতে বলেছেনÑ “বিদ্যা সহজ, শিক্ষা কঠিন। বিদ্যা আবরণে আর শিক্ষা আচরণে।” সচেতন মহলের অভিমত- শিক্ষা নিয়ে নয়, বর্তমানে ভিক্ষা (সুবিধা) নিয়েই কাড়াকাড়ি চলছে। উল্লেখ্য, বর্তমানে নিয়ম থাকলেও নানা জটিলতায় এখনও জেলা প্রশাসকের একজন প্রতিনিধি নিয়োগ দেয়া হয় নি।



সম্পর্কিত খবর