জাতীয়

নির্বাচনের পরিবেশ তৈরিতে কাজ করছে পুলিশ: আইজিপি

অবাধ ও সুষ্ঠু জাতীয় নির্বাচনের পরিবেশ তৈরি করতে পুলিশ বাহিনী কাজ করছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) পুলিশ সদর দপ্তরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আইজিপি বলেন, আমিসহ আমার পুরো বাহিনীর দাবি পুলিশকে রাজনৈতিকভাবে ব্যবহার বন্ধ করতে হবে। আশার বিষয় হলো, পুলিশকে রাজনৈতিকভাবে ব্যবহার বন্ধে পুলিশ সংস্কার কমিশন কাজ করছে। সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন করা হলে জনবান্ধব পুলিশ বাহিনী হয়ে উঠবে বলে প্রত্যাশা করেন আইজিপি। 

৫ আগস্টের পর পুলিশ অত্যন্ত চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে উল্লেখ করে আইজিপি বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা আমার প্রধান দায়িত্ব।

পুলিশের মনোবল ও আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে কাজ চলছে বলেও জানান তিনি।

নিরীহ মানুষকে হয়রানি করা পুলিশের কাজ নয় উল্লেখ করে বাহারুল আলম বলেন, যদি কাউকে মামলার আসামি করা হয়, তাকে ধাওয়া করে গ্রেপ্তারে যাব না। জনগণের সঙ্গে পুলিশকে বিনয়ী আচরণ করতে হবে। সংস্কারের মাধ্যমে পুলিশকে জনবান্ধব করতে হবে।

নিরীহ মানুষ হয়রানির শিকার হচ্ছে অভিযোগ তুলে তিনি আরও বলেন,  বাণিজ্য হচ্ছে, প্রতারণা হচ্ছে, ৫ আগস্ট ঘিরে এসব হচ্ছে। পাইকারি হারে গ্রেপ্তার করা যাবে না।

পুলিশের কতজন সদস্য গণহত্যায় জড়িত জানতে চাইলে আইজিপি বলেন, এখনই এই সংখ্যা বলা যাচ্ছে না। তবে তাদের সংখ্যা নিশ্চিত করা হবে এবং চিহ্নিত করা হবে।

গণহত্যায় জড়িত নয়- এমন অনেক নিরীহ পুলিশ সদস্যকেও আসামি করা হয়েছে বলে উল্লেখ করেন আইজিপি।

বায়ান্ন/এমএমএল/একে



সম্পর্কিত খবর