তুরস্কে শুরু হতে যাওয়া ৩১তম বিশ্ব জলবায়ু সম্মেলনকে সামনে রেখে এনআরডিএস ও জিক্যাপের যৌথ উদ্যোগে নোয়াখালীর বিনোদপুরে প্রান্তিক জলবায়ু সম্মিলন অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার (৮ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ সম্মিলন অনুষ্ঠিত হয়।
এনআরডিএসের নির্বাহী পরিচালক আব্দুল আউয়ালের সভাপতিত্বে সম্মেলনে জলবায়ু অভিঘাতে ক্ষতিগ্রস্ত নাগরিক সমাজ, কৃষক, ভূমিহীন ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন। সম্মেলনে বক্তারা তুলে ধরেন, বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের জন্য সবচেয়ে কম দায়ী হওয়া সত্ত্বেও মারাত্মক ঝুঁকিতে রয়েছে। এর জন্য প্রধানত দায়ী ধনী ও উন্নত দেশগুলো। তাই তাদেরকে অবশ্যই ক্ষতিপূরণ দিতে হবে।
বক্তারা দাবি জানান যে, উন্নত দেশগুলো থেকে আদায়কৃত ক্ষতিপূরণ যেন প্রান্তিক ও প্রকৃত ক্ষতিগ্রস্ত ভুক্তভোগীদের নিকট পৌঁছায়, সেদিকে দৃষ্টি দিতে হবে। একই সঙ্গে জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধ করে নবায়নযোগ্য ও সৌরবিদ্যুৎ ব্যবহারের পরিধি বাড়ানোর তাগিদ দেওয়া হয়। এছাড়া স্থানীয় পরিবেশ রক্ষায় অপরিকল্পিত নগরায়ণ, খাল-পুকুর ভরাট, অবৈধ ইটভাটা ও নদী থেকে বালু উত্তোলন বন্ধ এবং নদীভাঙন রোধে টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি জানানো হয়। নতুন করে জেগে ওঠা চরে ভূমিহীনদের অগ্রাধিকার ভিত্তিতে ভূমি বন্দোবস্ত দেওয়ার আহ্বানও জানানো হয়।
সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষাবিদ আব্দুল আলীম, এসএসবির নির্বাহী পরিচালক ফাহমিদা সুলতানা, কৃষক নেতা নূর উদ্দিন, ভূমিহীন নেতা মনির আহমেদ এবং নারী প্রতিনিধি সোনিয়া আক্তার, রেহেনা বেগম, বিপাশা আয, কোহিনুর বেগম, করবী মহিউদ্দিন প্রমুখ।