নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. ফখরুল ইসলামকে ঢাকার মোহাম্মদপুর থানায় জুলাই হত্যা মামলায় ‘গায়েবি আসামি’ করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কোম্পানীগঞ্জ উপজেলা মহিলা দল। ২৩ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে বসুরহাট বাজারে বিক্ষোভ মিছিল শেষে জিরো পয়েন্টে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে জেলা বিএনপির সভানেত্রী ভিপি সাহানা পারভীন বলেন, ফখরুল ইসলাম দীর্ঘদিন ধরে ফ্যাসিবাদবিরোধী ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে সক্রিয় থেকে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন। বর্তমানে তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি মহল তাকে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় জড়িয়েছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে তার নাম মামলা থেকে প্রত্যাহারের দাবি জানাচ্ছি।
নেতাকর্মীরা উল্লেখ করেন, ফখরুল ইসলাম নোয়াখালী-৫ আসনে তারেক রহমানের প্রতিনিধি এবং ধানের শীষের কাণ্ডারি হিসেবে অত্যন্ত জনপ্রিয় ব্যক্তিত্ব। তার বিরুদ্ধে জুলাই হত্যাকাণ্ডের মিথ্যা মামলা দেওয়া গণতন্ত্র ও আইনের শাসনের পরিপন্থী। দ্রুততম সময়ের মধ্যে এই মামলা প্রত্যাহার করা না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও তারা হুঁশিয়ারি প্রদান করেন।
বিক্ষোভ সমাবেশে জেলা মহিলা দলের সভাপতি সাহানা পারভীন ছাড়াও বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা মহিলা দলের নেত্রী রওশন আরা, নাঈমা ফেরদাউস ববি ও জোসনা আরাসহ স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ।
প্রসঙ্গগত, গত ১৯ জুলাই ২০২৪ তারিখে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় আলমগীর সেখ নিহতের ঘটনায় কুষ্টিয়ার কুমারখালী এলাকার মো. সোহানুর রহমান বাদী হয়ে গত ১৫ সেপ্টেম্বর মোহাম্মদপুর থানায় একটি মামলা দায়ের করেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে দায়ের করা ওই মামলায় নোয়াখালী-৫ আসনের বিএনপি প্রার্থী মো. ফখরুল ইসলাম এবং কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল আলম শিকদারকে আসামি করা হয়েছে।