জামালপুর সদর উপজেলার শাহবাজপুর ইউনিয়নের দক্ষিণ কৈডোলায় বুধবার দুপুরে নির্বাচনী মৌসুমে পুরানো ঝাল মেটাতেই নতুন ইস্যুতে মারামারির ঘটনা ঘটেছে। এতে ৪ ব্যক্তি আহত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, দক্ষিণ কৈডোলা গ্রামের কেরামত আলীর ছেলে বিল্লাল হোসেনের বাড়ি সংলগ্ন প্রতিবেশি মীর হাছেন আলীর ছেলে সাইফুল ইসলামের ২৬ শতাংশ জমি রয়েছে। বিল্লাল হোসেন ওই জমির সীমানা পরিবর্তনের মাধ্যমে একটু একটু করে নিজের দখলে নিচ্ছে। এ নিয়ে ২ বছর আগে থেকেই তাদের মধ্যে দ্বন্দ্ব চলে আসছে। এরই মধ্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনী মৌসুম চলে আসছে। শাহবাজপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ভোট কেন্দ্র কৈডোলা হক দাখিল মাদ্রাসার মোড়ে ঈগল ও নৌকার নির্বাচনী ক্যাম্প করা হয়েছে। গত বুধবার দুপুরে ঈগল প্রতীকের প্রার্থীর লোকজন প্রচার ও ভোট চাওয়ার জন্য বের হয়। অপরদিকে নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষের কতিপয় লোক তাদের পিছনে পিছনে রাউত বাড়ীর দক্ষিণে পৌঁছে। তারা ভোট চাওয়ার নামে ঈগলের লোকদের বিরক্ত করতে থাকে। পাছে কোন অপ্রীতিকর ঘটনা ঘটার সম্ভাবনায় ঈগলের লোকজন ভোট চাওয়া স্থগিত করে যার যার মত বাড়ি ফিরে যায়। ওদিকে নৌকার পক্ষের লোকরাও তাদের বাড়ি চলে যায়। তার কিছুক্ষণ পর দক্ষিণ কৈডোলার হক দাখিল মাদ্রাসা মোড়ে বিল্লাল হোসেনের ছেলে মাসুদ সাইফুল ইসলামকে দেখে বলে খেলা হবে। জবাবে সাইফুল ইসলাম বলে খেলা হবে ৭ তারিখে। মাসুদ ফের বলে আজকেই খেলা হবে। এখনই। এ নিয়ে দু’জনের মধ্যে কথা কাটাকাটি চলতে থাকে। পরে দু’পক্ষের লোকজন জড়ো হতে থাকে। এক পর্যায়ে মারামারি শুরু হয়। এতে বিল্লাল হোসেনের ছেলে মাসুদ ও মারুফ, নিয়ামত আলী মেম্বার, তার ছেলে জাকির হোসেন ওরফে ফকির আহত হয়। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনার খবর পেয়ে জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় পুলিশ স্টেশনের ইন চার্জসহ রাজনৈতিক নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কেউ নির্বাচনী ক্যাম্প বন্ধ রাখতে বলা হয়েছে। বৃহস্পতিবার সকালে দক্ষিণ কৈডোলার হক দাখিল মাদ্রাসা মোড়ে স্থানীয় জোনাব আলী, লেবু মিয়া, শাহিনুর, আব্দুল রশিদ, মোতালেব, মিষ্টার ডাক্তার, ময়নাল ডাক্তার, কবিরাজ বাড়ির দুদু ও অন্যান্যরা উপরের ঘটনা জানান। স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগের পদধারী এক নেতা জানান, এ কেন্দ্রের এক বড় নেতা অন্যের বিষয়টিকে নির্বাচন ইস্যুতে জড়িয়ে ঘটনা অনেক বড় করেছে। অথচ সাইফুল ও তার ছেলেরা কেউই নৌকা বা ঈগলের কর্মী-সমর্থক নয়। ওদের দলের কোন প্রার্থীই নেই। এ বিষয়ে নারায়ণপুর তদন্ত কেন্দ্রের ইন চার্জ কামাল হোসেন জানান, এ বিষয়ে এখন পর্যন্ত কেউ অভিযোগ করে নি।