খেলাধুলা

পেলে-বেকেনবাওয়ারের ক্লাবে যাচ্ছেন বাংলাদেশের শমিত শোম!

কানাডিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) ক্লাব ক্যাভালরি এফসির সঙ্গে সম্পর্ক চুকে যাওয়ার পর দীর্ঘদিন ক্লাব ফুটবলে গৃহবন্দী সময় কাটছিল শমিত শোমের। অবশেষে নতুন ঠিকানার হদিস মিলল তার।

 

ফুটবল অঙ্গনের খবর, পেলে এবং ফ্রাঞ্জ বেকেনবাওয়ারের মতো কিংবদন্তিদের সাবেক ক্লাব যুক্তরাষ্ট্রের ‘নিউ ইয়র্ক কসমস’-এ যোগ দিচ্ছেন বাংলাদেশি বংশোদ্ভূত এই মিডফিল্ডার।

গত জানুয়ারিতে ক্যাভালরি এফসির সঙ্গে দীর্ঘ তিন বছরের বর্ণিল সম্পর্কের ইতি টানেন শমিত। ২০২৬ মৌসুমের দলবদলের আগেই ক্লাবটি আনুষ্ঠানিকভাবে তার বিদায়ের বিষয়টি নিশ্চিত করে। তারপর থেকেই পরবর্তী ক্লাবের খোঁজে ছিলেন এই তারকা।

 

সামিতের সম্ভাব্য ক্লাব নিউ ইয়র্ক কসমস বর্তমানে আমেরিকান ফুটবলের তৃতীয় স্তরে প্রতিদ্বন্দ্বিতা করছে। এই বিশ্বখ্যাত ক্লাবের হয়ে ১৯৭৫ থেকে ১৯৭৭ সাল পর্যন্ত মাঠ মাতিয়ে গেছেন বিশ্ব ফুটবলের রাজা পেলে। তার পথ ধরেই পরবর্তীতে এই ক্লাবে ভিড়েছিলেন কিংবদন্তি বেকেনবাওয়ার। তবে শমিতের কসমসে যোগদানের খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে তুঙ্গে থাকলেও, খেলোয়াড় কিংবা ক্লাব কর্তৃপক্ষের কাছ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

 

 

আন্তর্জাতিক অঙ্গনে শমিতের পথচলাটা বেশ বৈচিত্র্যময়। ক্যারিয়ারের শুরুতে কানাডা জাতীয় দলের জার্সিতে দুটি প্রীতি ম্যাচ খেলেছিলেন তিনি। তবে গত বছর নাড়ির টানে বাবা-মায়ের মাতৃভূমি বাংলাদেশের নাগরিকত্ব গ্রহণ করেন তিনি। এরপরই সুযোগ পান লাল-সবুজ পতাকার প্রতিনিধিত্ব করার।

 

গত বছরের জুনে এশিয়ান কাপ বাছাইপর্বের তৃতীয় রাউন্ডে বাংলাদেশের হয়ে তার ঐতিহাসিক অভিষেক ঘটে।

 

লাল-সবুজের জার্সিতে প্রথম গোল পেতে তাকে অপেক্ষা করতে হয় চার মাসের মতো। এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সে হংকংয়ের বিপক্ষে ৪-৩ গোলের হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচে বাংলাদেশের হয়ে নিজের প্রথম আন্তর্জাতিক গোলটি ঝুলিতে পুরেন শমিত। 

 



সম্পর্কিত খবর