খুলনা

প্রেস ক্লাব যশোরের নির্বাচন ১৫ পদের বিপরীতে ২৭টি মনোনয়নপত্র সংগ্রহ

প্রেস ক্লাব যশোরের নির্বাচনে ১৫টি পদের বিপরীতে ২৭টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে। এর মধ্যে কোষাধ্যক্ষ ও দফতর সম্পাদক পদে একজন করে মনোনয়নপত্র সংগ্রহ করায় এ দুটি পদের দুই প্রার্থী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে রয়েছেন।

নির্বাচনের জন্য ঘোষিত তিন সদস্যের নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, সভাপতি পদে ফকির শওকত ও জাহিদ হাসান টুকুন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। সহ-সভাপতি পদে আনোয়ারুল কবির নান্টু, সাইফুল ইসলাম সজল ও সরোয়ার হোসেন এবং সাধারণ সম্পাদক পদে নুর ইসলাম, ওহাবুজ্জামান ঝন্টু ও জুয়েল মৃধা মনোনয়নপত্র নিয়েছেন।

যুগ্ম সম্পাদক পদে কাজী আশরাফুল আজাদ, সরোয়ার হোসেন, এম আইউব ও ফিরোজ গাজী; ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে সাইফুর রহমান সাইফ ও দেওয়ান মোর্শেদ আলম মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। কোষাধ্যক্ষ পদে জাহিদ আহমেদ লিটন এবং দফতর সম্পাদক পদে তহীদ মনি মনোনয়নপত্র নিয়েছেন। এ দুটি পদে আর কেউ মনোনয়নপত্র সংগ্রহ না করায় তাঁরা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে চলেছেন।

এ ছাড়া সদস্যের ছয়টি পদের বিপরীতে ১১টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে। সদস্য পদে মনোনয়নপত্র সংগ্রহকারীরা হলেন—শেখ আব্দুল্লাহ হোসাইন, তৌহিদ জামান, শহিদ জয়, মীর মঈন হোসেন মুসা, রফিকুল ইসলাম, এস এম সোহেল, আব্দুল ওয়াহাব মুকুল, জুয়েল মৃধা, সফিক সাইদ, মুর্শিদুল আজিম হিরু এবং গালিব হাসান পিল্টু।

নির্বাচন পরিচালনা কমিটির সদস্য অ্যাডভোকেট হাজী আনিসুর রহমান মুকুল জানান, শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত প্রেস ক্লাব যশোর কার্যালয়ে মনোনয়নপত্র বিক্রি করা হয়।

রোববার বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত প্রেস ক্লাবে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। তিনি আরও জানান, সোমবার বেলা ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত মনোনয়নপত্র বাছাই করা হবে। পরদিন বিকেল ৩টা থেকে ৬টার মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে।

 


সম্পর্কিত খবর