খেলাধুলা

ফিফার বর্ষসেরা কোচের মুকুট জিতলেন লুইস এনরিকে

প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) কোচ লুইস এনরিকেকে ফিফা দ্য বেস্ট বর্ষসেরা কোচের সম্মানে ভূষিত করা হয়েছে। মিকেল আর্তেতা, হান্সি ফ্লিক, এনজো মারেস্কা ও আর্নে স্লটকে পেছনে ফেলে এই বিশেষ স্বীকৃতি অর্জন করেন স্প্যানিশ কোচ এনরিকে।

 

পুরুষ বিভাগে এনরিকে ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো ফিফার বর্ষসেরা কোচের পুরস্কার জিতলেন। ২০১৫ সালে প্রথমবার এই স্বীকৃতি পেয়েছিলেন তিনি।

 

 

গত সেপ্টেম্বরে স্প্যানিশ এই কোচ ব্যালন ডি’অরও জিতেছিলেন। মূলত ২০২৪-২৫ মৌসুমে পিএসজিকে ঘরোয়া তিনটি মেজর শিরোপাসহ প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগ জয়ে সহায়তা করার কৃতিত্বেই এনরিকেকে এ পুরস্কার দেওয়া হয়েছে।

এদিকে, নারী বিভাগে ফিফার সেরা কোচ নির্বাচিত হয়েছেন ইংল্যান্ড নারী দলের কোচ সারিনা ভিগমান। এই দৌড়ে তিনি সোনিয়া বোমপাস্তোর, জোনাতান জিরালদেজ, সেব হাইনস ও রেনি স্লেজার্সকে পেছনে ফেলেন।

 

 

গত উইমেন’স ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে ইংল্যান্ডকে শিরোপা জেতানো ভিগমানের কোচিং ক্যারিয়ারে এটি ফিফার বর্ষসেরা কোচের পঞ্চম স্বীকৃতি।

 

পুরস্কার ঘোষণার পর ভিডিও বার্তায় তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ভিগমান বলেন, ‘দোহায় আজ রাতে থাকতে না পারায় আমি দুঃখিত। তবে এই অনুষ্ঠানের অংশ হতে পেরে খুব খুশি।’

 



সম্পর্কিত খবর