বিনোদন

ফের দুই নাটকে তনয়-রিয়া

নাট্যাঙ্গনে একে একে আগমন ঘটছে নতুন শিল্পীর, যাঁদের কেউ কেউ অল্প সময়েই দর্শকের মন জয় করতে সক্ষম হচ্ছেন। তেমনই এক সম্ভাবনাময়ী জুটি হলেন তনয় বিশ্বাস ও রিয়া বর্মণ। সম্প্রতি অন্তর্জালে মুক্তি পাওয়া কয়েকটি নাটকে অভিনয় করে দর্শকের প্রশংসা কুড়িয়েছেন এই দুই তরুণ শিল্পী।

 

ইতিমধ্যে তনয়-রিয়া জুটিকে দেখা গেছে সকাল আহমেদ পরিচালিত ‘লাভ ডেস্টিনেশন’, ‘শেষ চিঠি’ এবং মিফতাহ আনানের ‘অনন্ত প্রেম’ নাটকে।

 

এসব নাটকে ইতিবাচক সাড়ার ফলে এই জুটিকে নিয়ে নির্মাতাদের আগ্রহও বাড়ছে। জানা গেছে, সম্প্রতি রুবেল আনুশ পরিচালিত ‘দম’ এবং মিফতাহ আনানের নাম চূড়ান্ত না হওয়া আরো একটি নাটকের শুটিং শেষ করেছেন তনয় ও রিয়া। নতুন এই নাটকগুলো ভালোবাসা দিবস কিংবা আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

এ প্রসঙ্গে তনয় ও রিয়া বলেন, ‘দর্শকরা আমাদের কাজগুলো পছন্দ করছেন—এটাই সবচেয়ে আনন্দের। চেষ্টা করছি প্রতিটি নাটকে নিজেদের নতুনভাবে উপস্থাপন করতে। সামনে যে কাজগুলো আসছে, সেগুলোকেও দর্শক পছন্দ করবে বলে আশা করি।’

এদিকে নাটকের পাশাপাশি বড় পর্দায়ও তনয়ের অভিনয়ের কথা চলছে। ইতিমধ্যে চলচ্চিত্রে কাজের বিষয়ে প্রাথমিক আলোচনা চলছে।

 

অন্যদিকে সামনে রিয়াকে দেখা যাবে শিহাব শাহীনের ওয়েব ফিল্ম ‘তুমি আমি শুধু’-তে, যেখানে তিনি অভিনয় করেছেন জেফার ও প্রীতমের সঙ্গে।

 



সম্পর্কিত খবর