চট্টগ্রাম প্রতিদিন

বাঁশখালীতে চেক প্রতারণা মামলায় মাদ্রাসার শিক্ষক গ্রেপ্তার

 
বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের পশ্চিম চাম্বল শাহ্ আমানত দাখিল মাদ্রাসার শিক্ষক মৌলভী মো. ইদ্রিস চেক প্রতারণা মামলায় গ্রেপ্তার হয়েছেন।
রবিবার (২১ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাঁশখালী থানার এসআই গোলাম সরওয়ার এবং এএসআই আকবরের নেতৃত্বে পুলিশের একটি টিম চাম্বল বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ইদ্রিস চাম্বল ইউনিয়নের পশ্চিম চাম্বল সিন্ধি পাড়ার 
মাহবুবুর রহমানের ছেলে।
পুলিশ জানায়, চেক প্রতারণার অভিযোগে এক ব্যক্তি ২০২৪ সালে ইদ্রিসের বিরুদ্ধে বাঁশখালী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। মামলার চার্জ গঠন শেষে তিনি আদালতে হাজির না হওয়ায় বাঁশখালী যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। ওই পরোয়ানার ভিত্তিতেই পুলিশ তাকে আটক করে। গতকাল সোমবার তাকে আদালতে সোপর্দ করা হয়।
 
এলাকাবাসীর দাবি, গ্রেপ্তারের পর এলাকায় স্বস্তি বিরাজ করছে। স্থানীয়দের অনেকে অভিযোগ করে বলেন, ইদ্রিস আওয়ামী লীগ সরকারের আমলে আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন, আর বর্তমানে নিজেকে বিএনপির প্রভাবশালী নেতা হিসেবে পরিচয় দিচ্ছেন। এছাড়া বৈলছড়ি ইউনিয়নের বাসিন্দা সফরাজ চৌধুরী আদিল নামের এক ব্যক্তির কাছ থেকেও লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে আত্মগোপনে চলে যান বলে অভিযোগ রয়েছে। জানা গেছে, ঐ ব্যক্তিও পৃথক মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।
বাঁশখালী উপজেলা একাডেমিক সুপারভাইজার এয়ার মুহাম্মদ জানান, ইদ্রিস নামে একজন আমাদের শিক্ষক গ্রেপ্তার হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে জানতে পেরেছি। তিনি কি কারণে গ্রেপ্তার হয়েছেন সে বিষয়ে বিস্তারিত তথ্য নিয়ে আপনাদের জানাবো। তিনি যদি অপরাধী হয়ে থাকেন, তাহলে তার বিরুদ্ধে আমরাও তদন্ত করে দাপ্তরিক ব্যবস্থা গ্রহণ করবো।
বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম জানান, “চেক প্রতারণা মামলায় চাম্বল ইউনিয়নের ইদ্রিস নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।”
 


সম্পর্কিত খবর