চট্টগ্রাম প্রতিদিন

বাঁশখালীতে সিএনজি অটোরিকশা চালককে অপহরণ ও নির্যাতনের প্রতিবাদে শ্রমিকদের মানববন্ধন

বাঁশখালীতে সিএনজি অটোরিকশা চালক আলী আহমদকে অপহরণ ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ জুন) বিকেলে উপজেলার গুনাগারী চৌমুহনীতে বাঁশখালী সিএনজি অটোরিকশা পরিবহন শ্রমিক ইউনিয়নের উদ্যোগে উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
মানববন্ধন ও প্রতিবাদসভা থেকে অবিলম্বে অপহরণকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান শ্রমিকরা।
গত ২৫ জুন রাতে বাঁশখালী উপজেলার গুনাগরী লিচু বাগান এলাকা থেকে সিএনজি অটোরিকশা চালক মোহাম্মদ আলীকে অপহরণ করে রাতভর নির্মমভাবে নির্যাতন করে একটি সংঘবদ্ধ চক্র। পরদিন ২৬ জুন অচেতন অবস্থায় উক্ত শ্রমিককে জঙ্গল গুনাগারী পাহাড়ি এলাকা থেকে উদ্ধার করে এলাকাবাসী।
এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছে স্থানীয় শ্রমিকরা।
সোমবার বিকেলে গুনাগরী চৌমুহনীতে এই ঘটনার প্রতিবাদে আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ মনছুর। এতে বক্তব্য রাখেন, সংগঠনের সহ-সভাপতি মাহমুদুল ইসলাম, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দীন, অর্থ সম্পাদক ওহিদুল আলম, ক্রীড়া সম্পাদক আবু ছালেক, দপ্তর সম্পাদক মনির আহমদ, সাংস্কৃতিক সম্পাদক মোঃ মহিউদ্দীন, সদস্য মিলন মল্লিক, নির্বাচন সাব কমিটির চেয়ারম্যান মোঃ নুরুল কবির, সাবেক সহ-সভাপতি মামুন মিয়া, লাইনম্যান আবদুল গফুর প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, “এটি শুধু একজন শ্রমিকের ওপর সন্ত্রাসী হামলা নয়, এটি গোটা শ্রমিক সমাজের ওপর হামলার শামিল। অপহরণকারীরা যতই শক্তিশালী হোক, আমরা তাদের বিচারের দাবিতে পিছু হটব না।”
তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তারে প্রশাসনের প্রতি দাবি জানান।

 

ছবি ক্যাপশন (১), বাঁশখালীতে সিএনজি অটোরিকশা চালককে অপহরণ ও নির্যাতনের প্রতিবাদে শ্রমিকদের মানববন্ধন ও প্রতিবাদ সভা।



সম্পর্কিত খবর