পটুয়াখালীর বাউফলে প্রান্তিক পেশার মানুষদের জীবনমান উন্নয়নে আয়োজিত ১০ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শেষে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ৩০ জন প্রশিক্ষণার্থীর প্রত্যেককে ১০ হাজার টাকা করে নগদ সহায়তা দেওয়া হয়। পরে প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে আরও ১৮ হাজার টাকা করে দেওয়া হবে বলে জানিয়েছেন আয়োজকরা।
অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা সমাজসেবা কার্যালয়। প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণার্থীদের হাতে টাকা তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মুশফিকুর রহমান, ফিল্ড সুপারভাইজার হুমায়ুন কবির এবং বাউফল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও মাইটিভির বাউফল প্রতিনিধি মো. অহিদুজ্জামান ডিউক। সহায়তা পাওয়া পেশাজীবীদের মধ্যে রয়েছেন মুচি, কাঁসা-পিতল কারিগর, বাঁশ-বেত কারিগর, মৃৎশিল্পী ও নকশিকাঁথা শিল্পীসহ বিভিন্ন প্রান্তিক পেশার মানুষ। সংশ্লিষ্টরা জানান, প্রান্তিক জনগোষ্ঠীর দক্ষতা বাড়ানো, কর্মসংস্থান তৈরি এবং আয় বৃদ্ধি করে তাঁদের জীবনমান উন্নত করাই এ কর্মসূচির মূল লক্ষ্য।