বাউফলে পুলিশের বিশেষ অভিযানে ৮০০ পিস ইয়াবাসহ একাধিক মাদক মামলার আসামি মো. সুমন মৃধা (৩০) ও তানিয়া বেগম (৩৩) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পুলিশ সুপার (বাউফল সার্কেল) ও ওসি সিরাজুল ইসলামের নেতৃত্বে উপজেলার মদনপুরা ইউনিয়নের চন্দ্রপাড়া গ্রামের আদর্শপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে বাউফল থানা-পুলিশ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সুমন মৃধা তানিয়ার স্বামীর কাছ থেকে ২০০ পিস ইয়াবা কিনে নিয়ে যাওয়ার সময় পুলিশের হাতে ধরা পড়েন। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে তানিয়ার বাড়িতে অভিযান চালিয়ে আরও ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় তানিয়াকে গ্রেপ্তার করা সম্ভব হলেও তাঁর স্বামী পালিয়ে যান।
বাউফল থানার ওসি সিরাজুল ইসলাম জানান, গ্রেপ্তার সুমন এর আগেও মাদকসহ গ্রেপ্তার হয়েছিল। এ ঘটনায় দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।