ঢাকা

হরতালের আগে নরসিংদীতে পুলিশের অভিযান, অকটেন ভর্তি বোতলসহ আটক ৬

নরসিংদীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ঘোষিত হরতাল কর্মসূচিকে কেন্দ্র করে নাশকতার আশঙ্কায় অভিযান চালিয়ে ছয়জনকে আটক করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে ৫০০ মিলিলিটারের ছয়টি বোতলে রাখা অকটেন উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, হরতাল কর্মসূচিকে ঘিরে নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধ এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নরসিংদী মডেল থানা এলাকায় গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে পুলিশের টহল ও রাতের ডিউটি জোরদার করা হয়।

এরই ধারাবাহিকতায় ১০ নভেম্বর দিবাগত রাত ২টা ৪৫ মিনিটে নরসিংদী শহরের বানিয়াচল খালপাড় এলাকার ফুচকা পয়েন্টে অভিযান চালায় পুলিশ। এ সময় নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে সমবেত হওয়ার অভিযোগে ছয়জনকে আটক করা হয়। তাঁদের কাছ থেকে ছয়টি বোতলে রাখা অকটেন উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আটক ব্যক্তিরা হলেন—নরসিংদীর শহরের সাটিরপাড়া কুমিল্লা কলোনির খোকা মিয়ার ছেলে মানিক মিয়া (২২), বাসাইল ঝাড়তলা এলাকার কুদ্দুস মিয়ার ছেলে হিমেল (১৯), বানিয়াচল খালপাড় এলাকার মৃত রাজুল হকের ছেলে রাসেল মিয়া (৪৫), রাসেল মিয়ার ছেলে রাকিবুল ইসলাম রাকিব (১৯), শিবপুর উপজেলার কারারচর পাটুয়াপাড়া এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে শাকিল (২১) এবং দাসপাড়া এলাকার জাকির মিয়ার ছেলে রাজিব মিয়া (১৯)।

পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম আল মামুন বলেন, ‘হরতালকে কেন্দ্র করে কেউ যেন কোনো ধরনের নাশকতা, বিশৃঙ্খলা কিংবা জননিরাপত্তা বিঘ্নিত করতে না পারে, সে লক্ষ্যে পুলিশের সতর্ক অবস্থান ও টহল জোরদার রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছে। নাশকতার সঙ্গে জড়িত থাকার অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

 


সম্পর্কিত খবর