বরগুনার বামনায় ৪ সেপ্টেম্বর শুক্রবার বেলা ১১টায় বামনা উপজেলা পূজা উদযাপন পরিষদ আয়োজিত বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় একটি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সদরের সর্বজনীন রাধাগোবিন্দ দুর্গাবাড়ি ও কালীমন্দির প্রাঙ্গণে এসে শেষ হয়।
পরবর্তীতে পূজা উদযাপন পরিষদের সভাপতি ও বুকাবুনিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঞ্জন কুমার চ্যাটার্জীর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোসা. নিকহাত আরা, বামনা থানার অফিসার ইনচার্জ মো. ফারুক হোসেন খান, বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. সালাউদ্দিন হাওলাদার, বামনা সরকারি সারওয়ারজান পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক কমিটির সভাপতি অধ্যক্ষ পরিমল চন্দ্র কর্মকার, সদর মন্দির কমিটির সভাপতি কৃষ্ণকান্ত কর্মকার, সাধারণ সম্পাদক মানিক কুমার পংকজ, পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক শিক্ষক সমীর রঞ্জন দাশ, সদস্য সচিব কমল বিশ্বাস এবং পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সঞ্জয় কর্মকার।
সভায় বক্তারা বলেন, শুভ জন্মাষ্টমী ভগবান শ্রীকৃষ্ণের পবিত্র জন্মতিথি। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে মথুরায় কংসের কারাগারে তিনি জন্মগ্রহণ করেছিলেন। সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন, পাশবিক শক্তি যখন ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে গ্রাস করতে উদ্যত হয়েছিল, তখন দুষ্টের দমন ও শিষ্টের পালনের মাধ্যমে মানবজাতির কল্যাণ এবং ন্যায়নীতি প্রতিষ্ঠার লক্ষ্যে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটেছিল। সেই পুণ্য তিথিকে স্মরণ করেই প্রতিবছর পরম শ্রদ্ধা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শুভ জন্মাষ্টমী উদযাপিত হয়।