ঝিনাইদহ শহরের কাঞ্চনপুরে শোয়ার ঘর থেকে মুঞ্জরী রানী (৪০) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৮ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে কাঞ্চনপুরের মধ্যপাড়ার একটি ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
এ ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন মুঞ্জরী রানীর দ্বিতীয় স্বামী ইমন কুমার।
মৃত মুঞ্জরী রানী শহরের চাকলাপাড়া এলাকার কালীকিংকর বিশ্বাসের মেয়ে। তিনি কাঞ্চনপুর এলাকায় ভাড়া বাসায় স্বামী ইমন কুমারের সঙ্গে বসবাস করতেন। ইমনের বাড়ি কোটচাঁদপুর উপজেলার হরিনদিয়া গ্রামে।
স্থানীয়রা জানায়, চলতি মাসে কাঞ্চনপুর উত্তর পাড়ার ভাড়া বাসায় স্বামীর সঙ্গে বসবাস শুরু করেন মুঞ্জরী রানী। রোববার রাতে কিছু একটা শব্দ শুনে ওই বাড়িতে যান এলাকার কিছু মানুষ। পরে ঘরের দরজা খোলা থাকায় ভেতরে গিয়ে দেখা যায় বিছানায় মুঞ্জরী রানীর মরদেহ পড়ে আছে। মুঞ্জরী রানী ও স্বামী ইমন কুমারের মধ্যে কোনো ঝগড়া বিবাদের খবরও শোনেননি বলে জানান তারা।
মৃত মুঞ্জরী রানীর মা চাকলাপাড়া এলাকার বাসিন্দা স্বরসতী অধিকারী জানান, মেয়ের প্রথম স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর দুই বছর আগে ইমনের সঙ্গে বিয়ে হয়। এরপর কিছুদিন হলো তারা এখানে বসবাস শুরু করেছে।
স্থানীয়রা জানান, মায়ের সঙ্গে বিভিন্ন সময় পাপড় বিক্রি করতেন মুঞ্জরী রানী। কিছুদিন আগে হামদহ জেলা পরিষদ মার্কেটে একটি দোকান নেন তার স্বামী। কয়েকদিন আগে থেকেই তার স্বামী ইমন দোকানে মালামাল তোলার জন্য শ্বশুরবাড়িতে টাকা চাচ্ছিলেন। এ নিয়ে তাদের মধ্যে ঝামেলাও হয়েছে শুনেছি। এসবের জেরেই এই মৃত্যুর ঘটনাটি ঘটতে পারে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন উদ্দিন জানান, মরদেহের গায়ে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। তবে ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।