খুলনা

বেনাপোলে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা সহকারী নিহত, শিক্ষকসহ ২ জন আহত

যশোরের বেনাপোলে লোহাবোঝাই ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইব্রাহিম হোসেন (৫০) নামের এক মাদ্রাসা সহকারী নিহত হয়েছেন। এতে মোটরসাইকেলের অপর আরোহী মাদ্রাসা শিক্ষক ও ভ্যানচালক গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরের দিকে বেনাপোল বাইপাস সড়কের ভবারবের এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইব্রাহিম হোসেন উপজেলার গোগা ইউনিয়নের গোপালপুর গ্রামের মৃত আবদুর রশিদের ছেলে ও ইছাপুর মাদ্রাসার অফিস সহকারী। আহত দুজন হলেন মোটরসাইকেল আরোহী মাদ্রাসা শিক্ষক ফজলুর রহমান (৪৫) এবং ভ্যানচালক আলী কদর (৩৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে ইব্রাহিম হোসেন ও শিক্ষক ফজলুর রহমান দুজনেই হেলমেট পরা অবস্থায় একটি মোটরসাইকেলে (যশোর-ল-১৫-১৯৩০) চড়ে গোগা এলাকা থেকে মাদ্রাসার কাজে শার্শা উপজেলা সদরে যাচ্ছিলেন। পথিমধ্যে বেনাপোল বাইপাস সড়কের ভবারবের এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা গ্রিল ও লোহাবোঝাই একটি ভ্যানের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার নিচে ছিটকে পড়ে এবং চালকসহ তিনজনই মারাত্মক আহত হন।

ঘটনার খবর পেয়ে বেনাপোল পোর্ট থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। তবে হাসপাতালে নেওয়ার পথেই অতিরিক্ত রক্তক্ষরণের কারণে মোটরসাইকেল চালক মাদ্রাসা সহকারী ইব্রাহিম হোসেন মারা যান। আহত অপর দুজন বর্তমানে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ আলী বলেন, ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত লোহাবোঝাই ভ্যান ও মোটরসাইকেলটি উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া সাপেক্ষে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।



সম্পর্কিত খবর