যশোরের বেনাপোলে ৯০ লাখ ৪৯ হাজার ৬৭০ টাকা মূল্যের তিনটি সোনার বারসহ সুজন হোসেন (৩৪) নামে এক সোনা পাচারকারীকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। এ সময় চোরাচালান কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে বেনাপোল পোর্ট থানার পুটখালী এলাকা থেকে এসব সোনার বারসহ তাঁকে আটক করা হয়। আটক সুজন হোসেন যশোরের বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের রফিকুল ইসলামের ছেলে। বিজিবি বুধবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের পুটখালী বিওপির একটি বিশেষ চৌকস আভিযানিক দল সীমান্তে অবস্থান নেয়। এ সময় সুজন মোটরসাইকেলে সীমান্তের দিকে যাওয়ার সময় সন্দেহভাজন হিসেবে তল্লাশি করা হলে তাঁর শরীরে বিশেষভাবে লুকিয়ে রাখা ৩৯৭ গ্রাম ওজনের তিনটি সোনার বার পাওয়া যায়। এ সময় তাঁর কাছে থাকা একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। আটক সোনার মূল্য ৮৭ লাখ ৭৭ হাজার ৬৭০ টাকা। জব্দ করা মোটরসাইকেল ও মোবাইলের মূল্য ২ লাখ ৭২ হাজার টাকা। মোট সিজারমূল্য ৯০ লাখ ৪৯ হাজার ৬৭০ টাকা বলে বিজিবি জানায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক আসামি স্বীকার করেছে যে, সে সোনার বারগুলো বেনাপোলের পুটখালী সীমান্ত দিয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।
২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. নাফিজ ইমতিয়াজ আহসান জানান, আটক সোনা সরকারি ট্রেজারিতে জমা এবং মোটরসাইকেল ও মোবাইলসহ আসামির বিরুদ্ধে মামলা করে তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও জানান, দেশের সীমান্ত এলাকায় মাদকসহ যেকোনো ধরনের চোরাচালান বন্ধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।