দেশের খবর

মাদারীপুরে নির্বাচনী প্রচার-প্রচারনায় ব্যস্ত আ. লীগের প্রার্থী আবদুস সোবহান গোলাপ

আসছে ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রচার-প্রচারণায় এখন ব্যস্ত সময় পার করছেন মাদারীপুর ৩ আসনের আওয়ামী লীগের প্রার্থী। ওই আসনের আওয়ামী লীগের প্রার্থী আবদুস সোবহান গোলাপ নির্বাচনী প্রচার-প্রচারণায় বুধবার (৩ জানুয়ারি) সকালে মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর এলাকায় গণসংযোগ করেছেন।  

এ আসনটি আওয়ামী লীগের ঘাঁটি হলেও স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বেগমের শক্ত অবস্থান থাকার কারণে আওয়ামী লীগের সাংগঠনিক প্রচারণা ও গণসংযোগে জমে উঠেছে নির্বাচন। আওয়ামী লীগ প্রার্থী ভোটারদের নানা প্রতিশ্রুতি দিয়ে এখন সকাল থেকে মধ্যরাত পর্যন্ত চষে বেড়াচ্ছে নির্বাচনী মাঠে।

আওয়ামী লীগের প্রার্থী  আবদুস সোবহান গোলাপ বলেন, বিগত দিনে এ আসনের মানুষের সেবা করেছি; দল আমাকে মনোনয়ন দিয়েছে। আমি নির্বাচনী গণসংযোগ ও উঠান বৈঠকে সর্বস্তরের মানুষের ব্যাপক সাড়া পাচ্ছি। জয়ের ব্যাপারে আমি শতভাগ নিশ্চিত।

নির্বাচন কার্যালয়ের তথ্যমতে, মাদারীপুর ৩  নির্বাচনী এলাকায় কালকিনি উপজেলা, ডাসার এবং মাদারীপুর সদরের একাংশ নিয়ে গঠিত। মোট ভোটার ৩ লক্ষ ৫৮ হাজার ৩৪০ জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছে এক লক্ষ ৮৭ হাজার ১৭০ জন এবং নারী ভোটার রয়েছে এক লক্ষ ৭১ হাজার ১৬৭, হিজরা ভোটার রয়েছে ৩ জন। এই আসনে আওয়ামী লীগ, স্বতন্ত্র প্রার্থীসহ ৬ জন প্রার্থী রয়েছেন।



সম্পর্কিত খবর