মিয়ানমারে পাচারের সময় বিপুল পরিমাণ সিমেন্ট ও মশার কয়েলসহ ২২ পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় পাচারকাজে ব্যবহৃত দুটি ফিশিং বোট জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাত আনুমানিক ১১টায় কোস্ট গার্ড জাহাজ ‘জয় বাংলা’ সেন্টমার্টিনের ছেড়াদ্বীপের দক্ষিণ-পূর্ব সংলগ্ন সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সন্দেহজনক দুটি ফিশিং বোট তল্লাশি করে শুল্ক ও কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত বিপুল পরিমাণ পণ্য উদ্ধার করা হয়।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, উদ্ধারকৃত পণ্যের মধ্যে রয়েছে আনুমানিক ১০ লাখ ৭৪ হাজার টাকা মূল্যের ১ হাজার ৩০০ বস্তা সিমেন্ট এবং ৭ হাজার ২০০ প্যাকেট মশার কয়েল। এ ঘটনায় পাচারের সঙ্গে জড়িত ২২ জনকে আটক করা হয়েছে।
তিনি আরও বলেন, জব্দকৃত মালামাল, পাচারে ব্যবহৃত ফিশিং বোট এবং আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পাচার ও চোরাচালান প্রতিরোধে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।