চট্টগ্রাম প্রতিদিন

নোয়াখালীতে নিখোঁজের একদিন পর পুকুরপাড়ে পাওয়া গেল তরুণের মরদেহ

নোয়াখালীর সেনবাগে অভিমান করে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার একদিন পর পুকুরপাড় থেকে মো. মারুফ (২১) নামের এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

৮ অক্টোবর বৃহস্পতিবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এর আগে বুধবার রাত ১০টার দিকে উপজেলার ডমুরুয়া ইউনিয়নের মতইন দক্ষিণপাড়া হাজি বাড়ির পাশের একটি পুকুরপাড় থেকে ওই তরুণের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মারুফ ওই এলাকার মো. রিপনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে পরিবারের সদস্যদের সঙ্গে অভিমান করে নিজের মোবাইল ফোনটি ভেঙে ফেলেন মারুফ। পরে তাঁর জামাকাপড় একটি ট্রাভেল ব্যাগে ভরে বাড়ি থেকে বের হয়ে যান তিনি। এরপর তিনি আর বাড়িতে ফিরে আসেননি। পরিবারের সদস্য ও স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি।

বুধবার রাতে বাড়ির পাশে ধানখেতসংলগ্ন পুকুরপাড়ে মারুফের গলায় গামছা পেঁচানো অবস্থায় লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। সেনবাগ থানা-পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। এ সময় ঘটনাস্থলের কাছ থেকে তাঁর ব্যবহৃত ট্রাভেল ব্যাগ ও জুতো উদ্ধার করা হয়।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হযরত আলী মিলন বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখতে পায়, গলায় গামছা বাঁধা লাশটি পুকুরপাড় ও ধানখেতের মাঝে পড়ে আছে। গামছার একটি অংশ পুকুরপাড়ের গাছের ডালের সঙ্গে বাঁধা ছিল, আর ওপরের অংশ লাশের গলায় পেঁচানো ছিল। গলায় থাকা গামছাটি পুরোনো হওয়ায় ছিঁড়ে যাওয়ার পর তিনি ধানখেতে পড়ে যেতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ওই তরুণ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 


সম্পর্কিত খবর