খবর প্রতিদিন

মৌলভীবাজারে রোগী দেখার সময় চিকিৎসকের মৃত্যু

চিকিৎসক ডা. শফিক উদ্দিন আহমদ। ফাইল ছবি
মৌলভীবাজারের সাবেক সিভিল সার্জন ডা. শফিক উদ্দিন আহমদ জেলা সদরের কাশিনাথ রোড এলাকায় নিজ বাসায় রোগী দেখছিলেন তিনি। এসময় হঠাৎ করে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
বুধবার ১০ জানুয়ারি ২০২৪ইং, বেলা ২টা ৫ মিনিটের সময় মৌলভীবাজারের সাবেক সিভিল সার্জন ডা. শফিক উদ্দিন আহমদের মৃত্যু হয়। তার মৃত্যুতে মৌলভীবাজারে শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।
ডা. শফিক উদ্দিন আহমদের শ্যালক সাজ্জাদুর রহমান চৌধুরি বলেন, সম্পর্কে তিনি আমার দুলাভাই হন। আমরা তাকে বড় দুলাভাই ডাকতাম। খুব হাসিখুশি ও রোগী বান্ধব চিকিৎসক ছিল। বাসায় নিয়মিত রোগী দেখতেন। গরীব রোগীদের বিনামূল্যে চিকিৎসা দিতেন। আজ বুধবার বাসায় রোগী দেখছিলেন। দুপুর ২টা ৫ মিনিটের সময় তিনি রোগী দেখা অবস্থায় আকস্মিক মৃত্যুর কোলে পড়েন। ধারণা করা হচ্ছে তিনি হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তার এই মৃত্যুতে পুরো পরিবার, আত্মীয়-স্বজন, পাড়াপ্রতিবেশী গর্তীরভাবে শোকাহত।
মৌলভীবাজার বিএমএর সভাপতি ডা. সাব্বির খান বলেন, রোগী দেখা অবস্থায় আকস্মিক মৃত্যু হলে তাকে মৌলভীবাজারের লাইফ লাইন হাসপাতালে আনা হয়। মৃত্যুর কারণ ম্যাসিভ সিভিএ স্ট্রোক।
ডা. শফিক উদ্দিন আহমদ মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার সাবেক সিভিল সার্জন ছিলেন। এছাড়াও সিলেট এম এ জি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক উপ-পরিচালক ছিলেন। তিনি এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। তার গ্রামের বাড়ি মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার রামেশ্বরপুর গ্রামে।
শোকসন্তপ্ত পরিবারের সদস্যরা জানিয়েছে, মরহুমের জানাজার সময়সূচি পরে জানানো হবে।
 


সম্পর্কিত খবর