নওগাঁর রাণীনগর উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রবি মৌসুমের কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণের উদ্বোধন করা হয়েছে। রোববার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা কৃষক প্রশিক্ষণ হলরুমে এই উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
২০২৫-২৬ অর্থ বছরের প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে গম, সরিষা, বোরো ধান, সূর্যমুখী, চিনাবাদাম, শীতকালীন পেঁয়াজ, মুগ, মসুর এবং অড়হড় ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ করা হচ্ছে।
উপজেলা কৃষি কর্মকর্তা মোসা. মোস্তাকিমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সার-বীজ বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাকিবুল হাসান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জাহিদুল ইসলাম, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা নাজমুল হুদা, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম, আলমগীর হোসেন প্রমুখ।
উপজেলা কৃষি বিভাগ জানায়, উপজেলার মোট ৫০০ জন কৃষককে গম, ৪ হাজার ২০০ জনকে সরিষা, ২০ জনকে সূর্যমুখী, ১০ জনকে চিনাবাদাম, ৩০ জনকে পেঁয়াজ, ৩০ জনকে মুগ ও ২০ জনকে মসুর বীজ ও সার দেওয়া হবে। উদ্বোধনের দিন ১০০ জন কৃষককে প্রণোদনার সার-বীজ দেওয়া হয়েছে। আগামী ১০ দিনের মধ্যে এই বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হবে।