রাজশাহী

রাণীনগরে ৬৬ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেপ্তার

নওগাঁর রাণীনগরে অভিযান চালিয়ে ৬৬ হাজার টাকার জাল নোটসহ মাজেদুল ইসলাম (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব। সোমবার দিবাগত রাতে উপজেলার দক্ষিণ রাজাপুর গ্রামে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে র‌্যাব। গ্রেপ্তার মাজেদুল ইসলাম উপজেলার দক্ষিণ রাজাপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে। এ ঘটনায় সোমবার রাতেই বিশেষ ক্ষমতা আইনে র‌্যাবের পক্ষ থেকে রাণীনগর থানায় একটি মামলা দায়ের করে মাজেদুলকে থানায় সোপর্দ করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে র‌্যাব-৫, সিপিসি-২, নাটোর ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাণীনগরের মাজেদুল ইসলাম নামে এক যুবক দীর্ঘদিন ধরে বাংলাদেশি জাল টাকার ব্যবসা করে আসছেন এবং তাঁর বাড়িতে জাল টাকা রয়েছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি আভিযানিক দল সোমবার রাত পৌনে ৮টায় দক্ষিণ রাজাপুর গ্রামে মাজেদুলের বাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় মাজেদুল ইসলামের বাড়ি তল্লাশি করে বাংলাদেশি বিভিন্ন মূল্যমানের জাল মুদ্রার ৬৬ হাজার টাকা উদ্ধারসহ মাজেদুলকে গ্রেপ্তার করা হয়।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল বলেন, জাল টাকা উদ্ধারসহ যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব। এ ঘটনায় র‌্যাবের পক্ষ থেকে বিশেষ ক্ষমতা আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার মাজেদুলকে মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়েছে।

 


সম্পর্কিত খবর