নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে বিলুপ্ত করে ভিন্ন অধিদপ্তরে একীভূতকরণের অপচেষ্টার প্রতিবাদে এবং ৮ দফা দাবিতে নওগাঁর রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সরা প্রতীকী শাট-ডাউন কর্মসূচি পালন করেছেন। রোববার সকাল ১০টায় বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বিএনএ) রাণীনগর উপজেলা শাখার আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই কর্মসূচি পালন করেন তারা।
দুই ঘণ্টাব্যাপী নার্সদের প্রতীকী শাট-ডাউন কর্মসূচিকে ঘিরে সেবা বঞ্চিত হন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা নিতে আসা বিভিন্ন রোগী।
পূর্ব নির্ধারিত এ কর্মসূচিতে নার্সরা তাদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে বিভিন্ন স্লোগান দেন। এ সময় বক্তব্য রাখেন, রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র নার্স তসলিমা আক্তার, মুক্তার আলী, সীমা আক্তার, মাহফুজা আক্তার, শারমিন আক্তারসহ অনেকেই।
এ সময় বক্তারা বলেন, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে বিলুপ্ত করে ভিন্ন অধিদপ্তরে একীভূতকরণের অপচেষ্টার প্রতিবাদে এবং ৮ দফা দাবি আদায়ের লক্ষ্যে সারাদেশের ন্যায় আমরা রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকল নার্সিং কর্মকর্তাবৃন্দ প্রতীকী শাট-ডাউন কর্মসূচি পালন করছি। আমাদের দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ না পেলে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আগামীতে আরও কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা।