রাজধানী ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচির তেমন কোনো প্রভাব দেখা যায়নি। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে নগরের বিভিন্ন সড়কে যানবাহন চলাচল ও মানুষের দৈনন্দিন কার্যক্রম ছিল স্বাভাবিক। মিরপুর, গুলশান, বনানী, হাতিরঝিল, তেজগাঁও ও শাহবাগসহ বিভিন্ন এলাকায় সকাল থেকেই মানুষের চলাচল দেখা গেছে। সড়কে গণপরিবহন, ব্যক্তিগত গাড়ি ও রিকশা চলেছে অন্যান্য দিনের মতোই। কর্মস্থল ও শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে দেখা গেছে সাধারণ মানুষকে।
তবে ঝিরিঝিরি বৃষ্টি ও শীতের কারণে সকালে সড়কে যানবাহনের চাপ কিছুটা কম ছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গাড়ির সংখ্যা বাড়ে। নগরের কয়েকটি এলাকায় যানজটও দেখা যায়। গুলশান এলাকার ট্রাফিক পরিদর্শক আ. বহমান জানান, সকালে যানবাহনের চাপ কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা বেড়েছে। বর্তমানে অন্যান্য দিনের মতোই ট্রাফিক পুলিশকে যানবাহনের চাপ সামলাতে হচ্ছে। এদিকে রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে নির্ধারিত সময় অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদের উপস্থিতিও ছিল স্বাভাবিক। পুলিশ সূত্র জানিয়েছে, যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত রয়েছে। এখন পর্যন্ত রাজধানীতে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে সার্বিক পরিস্থিতি বিবেচনায় পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। বিজিবি সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জের শিবু মার্কেট, কাঠেরপুল, জালকুড়ি, বিসিক শিল্পনগরী, চাষাড়া মোড়, কাঁচপুর ব্রিজ ও শিমরাইল এলাকায় ৭ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন রয়েছেন। শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন তারা।
একইসঙ্গে জেলার গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পকারখানা ও স্পর্শকাতর এলাকায় ৪ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য দায়িত্ব পালন করছেন। বিজিবি ও আনসারের এসব সদস্য আগে থেকেই শিল্পাঞ্চলের নিরাপত্তায় মোতায়েন রয়েছেন।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, লকডাউন কর্মসূচি ঘিরে নারায়ণগঞ্জের সাতটি থানায় প্রায় ৭৫০ পুলিশ সদস্য মোতায়েন রয়েছেন। এর মধ্যে অন্য জেলা থেকে অতিরিক্ত ৩০০ পুলিশ সদস্য আনা হচ্ছে। জেলার গুরুত্বপূর্ণ সড়ক, মহাসড়ক ও প্রবেশপথে চেকপোস্ট বসিয়ে নজরদারি বাড়ানো হয়েছে।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন-অপরাধ) তারেক আল মেহদী জানিয়েছেন, লকডাউন ঘিরে জেলার সাতটি থানায় সাড়ে সাতশ পুলিশ সদস্য মোতায়েন থাকবেন। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
এদিকে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ জানিয়েছেন, সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে আটটি টহল দলের পাশাপাশি সাদা পোশাকেও সদস্যরা দায়িত্ব পালন করছেন। জেলার বিভিন্ন স্থানে চেকপোস্ট স্থাপন করা হয়েছে।
শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ জুলহাস উদ্দিন জানান, শিমরাইল মোড়ে অন্তত পাঁচজন এবং তারাবো চেকপোস্টে ১০ জন হাইওয়ে পুলিশ সদস্য মোতায়েন রয়েছেন। তারাবো চেকপোস্টে জেলা পুলিশের সদস্যরাও দায়িত্ব পালন করবেন।
কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল রানা জানান, মহাসড়কের বিভিন্ন স্থানে জেলা পুলিশের স্থাপিত চেকপোস্টে হাইওয়ে পুলিশ সহযোগিতা করছে।
সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারাও জানিয়েছেন, সম্ভাব্য নাশকতা প্রতিরোধে তারা প্রস্তুত রয়েছেন। বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।
অন্যদিকে আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি প্রতিহত করতে মাঠে থাকার ঘোষণা দিয়েছে বিএনপি। নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসিকুল ইসলাম রাজিব জানিয়েছেন, জেলা বিএনপির নেতাকর্মীরা নারায়ণগঞ্জ শহর ও বিভিন্ন উপজেলার মহাসড়কে অবস্থান নিয়েছেন।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, যানবাহন চলাচল স্বাভাবিক রাখা এবং সম্ভাব্য সহিংসতা প্রতিরোধে তারা প্রস্তুত রয়েছেন।