লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের বোমা হামলায় নিহত প্রবাসী বাংলাদেশি দিপালী আক্তারের দাফন সম্পন্ন হয়েছে।
শুক্রবার (৮ মে) সকাল ১০টায় ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চর শালেপুর মুন্সির চর বাজারের ঈদগা মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মোল্লার ডাংগি গ্রামের নিজ কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।
এ বিষয়ে চরভদ্রাসন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জায়েদ হোসাইন জানান, দিপালী চরভদ্রাসন উপজেলার চর শালেপুর গ্রামের মুকা শেখের মেয়ে।
জীবিকার সন্ধানে লেবানন গিয়েছিলেন। গত ৮ এপ্রিল লেবাননে বোমা বিস্ফোরণে দিপালী প্রাণ হারান। প্রায় এক মাস পর গত বৃহস্পতিবার (৭ মে) রাতে তাঁর লাশ ঢাকায় পৌঁছায়। আজ শুক্রবার সকালে লাশ দিপালীর নিজ বাড়ি ফরিদপুরের চরভদ্রাসনে আনা হয়।
প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় এবং জেলা প্রশাসনের মাধ্যমে দ্রুততম সময়ের মধ্যে দিপালীর লাশ দেশে আনার ব্যবস্থা করা হয়েছে। পরবর্তীতে এই পরিবারের যেকোন প্রয়োজনে জেলা প্রশাসন ও প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় তাদের পাশে থাকবে বলেও জানিয়েছে প্রশাসন।