চট্টগ্রাম প্রতিদিন

লোহাগাড়ায় নির্মাণাধীন ভবনের ছাদ ধস: দিনমজুরের মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ার সদরের ৩ নম্বর ওয়ার্ডে নির্মাণাধীন একটি পাঁচতলা ভবনের চতুর্থ তলার ফ্লোর ছাদ ধসে এক দিনমজুরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

 

মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে রশিদার পাড়ায় এই দুর্ঘটনা ঘটে। নিহত দিনমজুরের নাম মোহাম্মদ হেলাল উদ্দীন (৩৪)। তিনি কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার নিলা ইউনিয়নের পূর্ব পান হালি ৪ নম্বর ওয়ার্ডের হোসেন সিকদার পাড়ার বাসিন্দা।

 

নিহত হেলাল উদ্দীনের পরিবারে স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। তিনি তিন ভাই ও এক বোনের মধ্যে সবার বড় ছিলেন।

 

নিহতের ফুফাতো ভাই খলিল আহমদ জানান, হেলাল দীর্ঘ ছয় বছর ধরে লোহাগাড়ায় রাজমিস্ত্রির কাজ করছিলেন। প্রতিদিনের মতোই তিনি সকালে কাজে যোগ দিয়েছিলেন। আরেক শ্রমিক তাঁকে ফোন করে জানান যে ভবনের ছাদ ভেঙে তাঁর ভাই মারা গেছেন।

 

স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের কর্মী এবং অন্য শ্রমিকরা যৌথভাবে হেলালকে উদ্ধার করেন।

 

নির্মাণাধীন ভবনটির মালিক প্রবাসী মোহাম্মদ জাহাঙ্গির আলম (বড়হাতিয়া) বলে জানা গেছে। এছাড়া সাইট ম্যানেজার গোলাম হোসেন, দারোয়ান মোহাম্মদ জসিম উদ্দীন এবং কন্ডাকটর জহির-এর নামও জানা গেছে।

 

এ ঘটনায় লোহাগাড়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।



সম্পর্কিত খবর