শনিবার থেকে দেশের উত্তর-পশ্চিমাঞ্চল ও পশ্চিমাঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এ বিষয়ে বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) আবহাওয়াবিদ শাহানা সুলতানা গণমাধ্যমকে জানান , ১৪ থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন স্থানে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে এবং এর পরে তাপমাত্রা বাড়তে পারে।
আর আবহাওয়ার নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তরাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
এছাড়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
তবে, সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে আবহাওয়ার বুলেটিনে জানানো হয়েছে।
বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গা ও গোপালগঞ্জ জেলায় ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
আর এদিন সকাল ৬টায় ঢাকায় ১৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস।
বায়ান্ন/এমএমএল/একে