দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাইয়ের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ জানুয়ারি) সন্ধ্যায় পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শিকদার ওয়াহিদুজ্জামান ইকুর আয়োজনে এ পথসভা অনুষ্ঠিত হয়।
প্রথমে পৌর সভার ফাজিলপুর মাদ্রাসা ও পরে ঝাউদিয়া স্কুল মাঠে এ পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই।
তিনি বলেন, তারা জেনে গেছে যে নৌকার বিজয় সুনিশ্চিত; সেজন্য আমাদেরকে মামলা দিয়ে দুর্বল করতে চাচ্ছে। তারা এটাও বলে বেড়াচ্ছে যে গ্রেফতার আতঙ্কে আমরা পালিয়ে বেড়াচ্ছি। আসলে আমরা আইনের উপর বিশ্বাসী। তাদের সব মিথ্যা মামলার জবাব দিতেই আমরা আদালতে গিয়েছিলাম। তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, তাদের এসব মিথ্যার জবাব আগামী ৭ জানুয়ারি ভোটের মাধ্যমে দেওয়া হবে। তিনি শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলের নিকট নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন।
এসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ধলহরাচন্দ্র ইউনিয়নের চেয়ারম্যান মো. মতিয়ার রহমান বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এম. আব্দুল হাকিম আহমেদ, ভাইস চেয়ারম্যান ও উপজেলা কৃষক লীগের সভাপতি জাহিদুন্নবী কালু, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও হাকিমপুর ইউনিয়নের চেয়ারম্যান শিকদার ওয়াহিদুজ্জামান ইকু, এমপি কন্যা ফারহানা উর্মি, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও উপজেলা যুবলীগের সভাপতি শামীম হোসেন মোল্লা, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি স.ম রানাউজ্জামান বাদশা, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ও বগুড়া ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলাম শিমুল, মনোহরপুর ইউনিয়নের চেয়ারম্যান জাহিদুল ইসলাম জাহিদসহ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চারবারের সংসদ সদস্য আব্দুল হাই এমপিকে নৌকা দিয়েছে। তিনি শৈলকুপায় প্রচুর উন্নয়ন করেছেন, তাই সবাই নৌকা মার্কায় ভোট দিয়ে আবারও তাকে জয়যুক্ত করতে হবে। একই দল থেকে নৌকার বাইরে যারা অন্য মার্কা নিয়ে দলের ভীতরে বিভ্রান্তি সৃষ্টি করছে তাদের থেকে সতর্ক থাকার অনুরোধ জানান।