দুর্লভ প্রজাতির অতি বিষধর শঙ্খিনী সাপ মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের শ্যামলী আবাসিক এলাকার একটি বসতঘর থেকে উদ্ধার করা হয়েছে।
সোমবার ১২ আগস্ট ২০২৪ইং, রাত আনুমানিক সাড়ে ৮টার সময় শ্রীমঙ্গল উপজেলার শ্যামলী এলাকার আকরাম হোসেনের বাড়ি থেকে সাপটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল।
তিনি বলেন, শ্রীমঙ্গল শহরের শ্যামলী এলাকার বসতঘরে একটি শঙ্খিনী সাপ ঢুকে পড়ে রাতের কোনো এক সময় বসতঘরের ভিতর সিঁড়ির পাশে কুণ্ডলী পাকিয়ে বসেছিল সাপটি। আনুমানিক রাত সাড়ে ৮টার সময় হঠাৎ ঘরের লোকজন তা দেখে ভয়ে আতংকিত হয়ে পড়েন। বসতঘরের সবার চিৎকার শুনে বাড়ির আশপাশের লোকজন ছুটে আসেন। পরে আমাকে খবর দিলে আমি দ্রুত ঘটনাস্থলে ছুটে আসি। পরে অনেক চেষ্টা চালিয়ে শঙ্খিনীটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে বন বিভাগ এর কাছে হস্তান্তর করি।
স্বপন দেব সজল আরো বলেন, সাপটি লম্বায় আড়াই থেকে তিন ফুটের মতো। পুরো শরীর হলুদ রঙের ডোরাকাটা। সাপটি সাধারণত অন্যসব প্রজাতির সাপ খেতে পছন্দ করে। এটি অত্যন্ত বিষধর প্রাণী। দুলর্ভ প্রজাতির এ সাপটি ঝোপজঙ্গলে বসবাস করে। বর্তমানে শঙ্খিনীটি বন বিভাগের হেফাজতে রয়েছে।
লাউয়াছড়া জাতীয় উদ্যানের বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জার মোঃ শহিদুল ইসলাম বলেন, সাপটি তার ক্ষুধা নিবারণে সাধারণত অন্য প্রজাতির যে কোনো সাপ খেতে পছন্দ করে। সেই সঙ্গে এর খাবারের পছন্দের তালিকায় আছে ইঁদুরসহ অন্যান্য ছোট ছোট প্রাণী। সাপটিকে লাউয়াছড়া বনে অবমুক্ত করা হবে বলে জানান তিনি।