খেলাধুলা

সিকান্দার রাজার নেতৃত্বে জিম্বাবুয়ের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা

সাত বছরের লম্বা বিরতির পর গত অক্টোবরে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছিলেন জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক গ্রায়েম ক্রেমার। এবার তিনি তিনি ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডেও জায়গা করে নিয়েছেন। আসন্ন মেগা ইভেন্টের জন্য যথারীতি তারকা অলরাউন্ডার সিকান্দার রাজাকেই অধিনায়ক করে জিম্বাবুয়ে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে। 

 

জাতীয় দলে ফেরার পর পাকিস্তান ও শ্রীলঙ্কার সঙ্গে ত্রিদেশীয় সিরিজের দুটি ম্যাচে বল করেন ক্রেমার।  যেখানে ৭ ওভারে ৪৪ রানের বিনিময়ে তার শিকার ২ উইকেট। পিঠের ইনজুরির কারণে ওই সিরিজ মিস করা পেসার ব্লেসিং মুজারাবাবানিকেও রোডেশিয়ানরা বিশ্বকাপ স্কোয়াডে ফিরিয়েছে। ত্রিদেশীয় সিরিজের স্কোয়াড থেকে একমাত্র বাদ পড়েছেন বাঁ-হতি স্পিনার  নিউম্যান নিয়ামহুরি। এ ছাড়া শন উইলিয়ামসের জায়গায় জিম্বাবুয়ে জাতীয় দলে সুযোগ পাওয়া ক্লাইভ মাদান্দেও বিশ্বকাপ স্কোয়াডে আছেন।

 

জিম্বাবুয়ের ঘরোয়া টুর্নামেন্টে ৪ ম্যাচে ৭৬ গড় এবং ১৩৮.১৮ স্ট্রাইকরেটে ১৫২ রান করেছেন মাদান্দে, যা ওই প্রতিযোগিতার সর্বোচ্চ। এ ছাড়া সিকান্দার রাজা জিম্বাবুয়ের বিশ্বকাপ স্কোয়াডে বেশ কয়েকজন অভিজ্ঞ তারকাকে পাচ্ছেন। উইকেটরক্ষক ব্যাটার ব্রেন্ডন টেইলর তাদের একজন। তিনি এই বছরই নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেছেন। ওই সময় থেকে ১৩টি টি-টোয়েন্টি ম্যাচে করেন ২৫১ রান। গড় আহামরি না হলেও, স্ট্রাইকরেট ১৪৪.২৫। তবে তাকে সুযোগ করে দিয়েছে তার অভিজ্ঞতা ও অতীত পারফরম্যান্স। 

 



সম্পর্কিত খবর