অর্থনীতি ও বাণিজ্য

সৌর বিদ্যুতের যন্ত্রপাতি আমদানিতে ফের কমল শুল্ক

বর্তমান বৈশ্বিক জ্বালানি সংকট ও বিদ্যুৎ ঘাটতি মোকাবিলায় সৌর বিদ্যুৎ সংশ্লিষ্ট যন্ত্রপাতি ও যন্ত্রাংশ আমদানিতে ফের শুল্ক-কর কমিয়েছে সরকার। এর ফলে এখন থেকে এসব উপকরণ আমদানিতে ব্যবসায়ীদের মোট ১ শতাংশ কর দিতে হবে। বুধবার (১৬ সেপ্টেম্বর) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিব স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এনবিআর সূত্রে জানা যায়, ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে এক প্রজ্ঞাপনের (এস.আর.ও. নম্বর-১৫৯-আইন/২০২৬/১৪/কাস্টমস) মাধ্যমে সৌর বিদ্যুৎ খাতের গুরুত্বপূর্ণ উপকরণ আমদানিতে প্রযোজ্য আমদানি শুল্ক, রেগুলেটরি শুল্ক এবং আগাম কর অব্যাহতি দেওয়া হয়েছিল।

 

 

ওই সুবিধার পরও ১৫ শতাংশ মূসক ও ২ শতাংশ অগ্রিম আয়করসহ মোট ১৭ শতাংশ কর বহাল ছিল। তবে সৌর বিদ্যুৎ উৎপাদন দ্রুত সম্প্রসারণের লক্ষ্যে এ সুবিধা আরও বাড়িয়ে ১ শতাংশের অতিরিক্ত সব ধরনের কাস্টমস ডিউটি, রেগুলেটরি ডিউটি, সম্পূরক শুল্ক, মূল্য সংযোজন কর (ভ্যাট), আগাম কর এবং অগ্রিম আয়কর থেকে পুরোপুরি অব্যাহতি দেওয়া হয়েছে। নতুন এই সিদ্ধান্ত প্রজ্ঞাপন জারির তারিখ থেকে পরবর্তী ১৮০ দিন কার্যকর থাকবে। এছাড়া ইতিপূর্বে বাণিজ্যিক আমদানিকারকদের জন্য এ সুবিধা প্রযোজ্য না থাকলেও, নতুন আদেশে শর্তসাপেক্ষে তারাও ১ শতাংশের অতিরিক্ত সমুদয় শুল্ক-কর ছাড়ের সুবিধা পাবেন।

এনবিআরের মতে, এ সিদ্ধান্তের ফলে দেশে সৌর বিদ্যুৎ প্রকল্পের মোট ব্যয় উল্লেখযোগ্যভাবে কমবে এবং নতুন বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা দ্রুত বৃদ্ধি পাবে। পাশাপাশি জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে দেশের জ্বালানি নিরাপত্তা ও টেকসই অর্থনৈতিক উন্নয়ন আরও সুদৃঢ় হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। 

 



সম্পর্কিত খবর