হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) অবৈধ পুশ ইনের একটি চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২৭ জুন) রাত ৩টার দিকে তেলিয়াপাড়া সীমান্তের আন্তর্জাতিক শূন্যরেখায় এ ঘটনা ঘটে।
বিজিবি সূত্র জানায়, হবিগঞ্জ বিজিবি ব্যাটালিয়নের তেলিয়াপাড়া বিওপির দায়িত্বাধীন সীমান্ত এলাকার ১৯৮২ নম্বর মেইন পিলারের ১১-এস সাব-পিলারসংলগ্ন শূন্যরেখায় বিএসএফ এ পুশ ইনের চেষ্টা চালায়। অভিযোগ রয়েছে, গভীর রাতে সীমান্তে নিরাপত্তা বাতি (সিকিউরিটি লাইট) বন্ধ করে অজ্ঞাতসংখ্যক ভারতীয় নাগরিককে জোরপূর্বক বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়।
খবর পেয়ে ৫৫ বিজিবির একটি টহলদল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে অনুপ্রবেশের চেষ্টা শূন্যরেখাতেই প্রতিহত করে। পরে বিজিবির কঠোর অবস্থানের মুখে বিএসএফ ওই ব্যক্তিদের ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নেয়।
বিজিবি জানায়, অভিযানের সময় স্থানীয় সীমান্তবাসীরাও তাদের সহযোগিতা করেছেন।
৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বা পুশ ইনের চেষ্টা কঠোরভাবে প্রতিহত করতে বিজিবি সর্বদা প্রস্তুত রয়েছে। বর্তমানে তেলিয়াপাড়া সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং সীমান্ত নিরাপত্তায় বিজিবি সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছে।’