নওগাঁর আত্রাইয়ের বিশা ইউনিয়নের সমাসপাড়া এলাকায় গতকাল শনিবার (২৯ আগস্ট) বিকেলে সপ্তম শ্রেণি পড়ুয়া (১২) এক ছাত্রীর বাল্যবিবাহ পণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত। তবে অভিযান শেষে আসামি নিয়ে ফেরার পথে সরকারি কাজে বাধা, পুলিশ ও কর্মীদের ওপর হামলা এবং আসামি ছিনতাইয়ের চেষ্টা চালায় বরের স্বজনসহ ২৫-৩০ জনের একটি সংঘবদ্ধ দল। পরে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বরসহ তিনজনকে গ্রেপ্তার করে।
স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা যায়, বাল্যবিবাহের খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামানের নেতৃত্বে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। আদালত অভিযুক্ত বর আল-আমিনকে গ্রেপ্তার করে নিয়ে আসার সময় স্থানীয় ২৫-৩০ জন সরকারি গাড়ি আটকে পুলিশ ও কর্মীদের ওপর আক্রমণ করে আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়। পরিস্থিতি উত্তপ্ত হলে আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলমের সহযোগিতায় অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বর আল-আমিনসহ ৩ জনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব আলম জানান, খবর পাওয়ামাত্রই দ্রুত অতিরিক্ত পুলিশ পাঠিয়ে বরসহ তিনজনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়েছে। সরকারি কাজে বাধা প্রদান ও হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান বলেন, “বাল্যবিবাহ প্রতিরোধে প্রশাসন ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছে। আইন অমান্য করে বাল্যবিবাহের আয়োজন এবং সরকারি কাজে বাধা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলার ঘটনায় কোনো ছাড় দেওয়া হবে না। জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনায় বাল্যবিবাহের চেষ্টা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মো. মুন্নাফ, রাব্বি, ইউনুস ও সজলসহ ৪ জন এবং অজ্ঞাতনামা আরও ২০-২৫ জনের বিরুদ্ধে আত্রাই থানায় একটি নিয়মিত মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন।