রংপুর

দীর্ঘদিন পর উদ্ধার হলো শিশু আব্দুর রহমান

প্রায় এক বছর চার মাস পর ঠাকুরগাঁও থেকে উদ্ধার হলো নারায়ণগঞ্জের শিশু আব্দুর রহমান (৯)।

শিশুটির বাবা রিয়াজ জানান, গত বছরের ৩ জুলাই আব্দুর রহমান বাসা থেকে বের হয়ে ঢাকার কমলাপুর রেলস্টেশনে যায় এবং সেখান থেকে ট্রেনে চড়ে ঠাকুরগাঁওয়ে চলে আসে। এরপর আর ছেলের কোনো খোঁজ পাননি তাঁরা। কয়েক দিন আগে নারায়ণগঞ্জের এক ট্রাকচালক আব্দুর রহমানের ছবি তুলে ফেসবুকে পোস্ট করলে পরিবার জানতে পারে শিশুটি ঠাকুরগাঁওয়ে আছে। সেই সূত্র ধরে তাঁরা রোববার ঠাকুরগাঁও সমাজসেবা কার্যালয়ে এসে শিশুটিকে নিয়ে যান।

ঠাকুরগাঁও সমাজসেবা কার্যালয়ের শিশু সুরক্ষা সমাজকর্মী তপন চন্দ্র রায় জানান, গত বছর শিশুটিকে ঠাকুরগাঁও রেলস্টেশন থেকে পুলিশ উদ্ধার করে। পরে শিশুটির ঠিকানা শনাক্ত করতে না পেরে জেলা ম্যাজিস্ট্রেট তাকে জেলা সমাজসেবা কর্মকর্তার জিম্মায় দেন।

জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক সাইয়্যেদা সুলতানা জানান, আব্দুর রহমানকে উদ্ধারের পর বালিয়া ইউনিয়নের শবদলহাট সরকারি শিশু পরিবারে (বালক) রাখা হয়েছিল। রোববার শিশুটির পরিবার তাকে নিতে এলে সংশ্লিষ্ট সবাই আনন্দিত হন। বর্তমানে শিশুটিকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।



সম্পর্কিত খবর