বান্দরবানের আলীকদম সেনানিবাসে নবনির্মিত ‘আর্মি হিল অ্যান্ড জঙ্গল ওয়ারফেয়ার স্কুল’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। শনিবার (১৮ এপ্রিল) তিনি এই বিশেষায়িত প্রশিক্ষণ প্রতিষ্ঠানটির কার্যক্রমের সূচনা করেন।
দেশের সমতল ভূমির পাশাপাশি দুর্গম পাহাড়ি ও জঙ্গলাকীর্ণ এলাকায় পেশাদারিত্বের সঙ্গে আভিযানিক কার্যক্রম পরিচালনার সক্ষমতা বৃদ্ধিতে এই প্রশিক্ষণ কেন্দ্রটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। স্কুলটির উদ্বোধনের মাধ্যমে প্রতিকূল ও ঝুঁকিপূর্ণ পরিবেশে দায়িত্ব পালনের জন্য সেনাসদস্যদের শারীরিক যোগ্যতা, মানসিক দৃঢ়তা এবং কৌশলগত দক্ষতা অর্জনের নতুন পথ উন্মোচিত হলো।
উদ্বোধনী অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, “দেশের দুর্গম পাহাড়ি ও জঙ্গলাকীর্ণ এলাকায় পেশাদারিত্বের সঙ্গে আভিযানিক কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে সেনাবাহিনীর বিশেষ সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এই প্রশিক্ষণ প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করা হয়েছে। এর মাধ্যমে সেনাসদস্যরা প্রতিকূল পরিবেশে কার্যকরভাবে দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় কৌশলগত দক্ষতা অর্জনে সক্ষম হবে, যা পাহাড়ি জনপদে দেশের সার্বভৌমত্ব রক্ষা ও শান্তি বজায় রাখতে ভূমিকা রাখবে।”
পরিদর্শনকালে সেনাবাহিনী প্রধানের সঙ্গে উপস্থিত ছিলেন জেনারেল অফিসার কমান্ডিং, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড (এআরটিডিওসি); ইঞ্জিনিয়ার-ইন-চিফ; অ্যাডজুটেন্ট জেনারেল; সদর দপ্তর ২৪ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং ও চট্টগ্রাম এরিয়া কমান্ডার এবং বান্দরবান রিজিয়ন কমান্ডারসহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।