ভেটেরিনারি শিক্ষার প্রায়োগিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) ১২তম ব্যাচের ৪র্থ বর্ষের শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল ও অবস্টেট্রিক্যাল কিট-বক্স বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে দুইজন বিদেশি শিক্ষার্থীসহ মোট ৫৯ জন শিক্ষার্থীর হাতে কিট-বক্স তুলে দেওয়া হয়। ভেটেরিনারি মেডিসিন অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স অনুষদের উদ্যোগে এবং নাভানা ফার্মাসিউটিক্যাল লিমিটেডের সৌজন্যে এ আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জি.কে.এম. মোস্তাফিজুর রহমান। ভেটেরিনারি অনুষদের ডিন প্রফেসর ড. মো. তৈমুর ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. ময়নুল হক এবং ট্রেজারার প্রফেসর ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ। এসময় নাভানা ফার্মাসিউটিক্যাল লিমিটেডের ভেটেরিনারি বিভাগের আঞ্চলিক উদ্যোক্তা মো. মাসুদুর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, শিক্ষক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে গাইনিকোলজি, অবস্টেট্রিকস অ্যান্ড রিপ্রোডাক্টিভ হেলথ বিভাগের প্রফেসর ড. আ ন ম আমিনুর রহমান স্বাগত বক্তব্য দেন। পরে শিক্ষার্থীদের পক্ষে অনির্বাণ মণ্ডল ও মোসা. সারাবান তহুরা অনুভূতি প্রকাশ করেন।
এসময় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, এই কিট-বক্স শিক্ষার্থীদের বাস্তবমুখী দক্ষতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, আন্তর্জাতিক মানের ভেটেরিনারি পেশাজীবী গড়ে তুলতে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিদেশে ইন্টার্নশিপসহ বিভিন্ন উদ্যোগ গ্রহণে প্রতিশ্রুতিবদ্ধ। নাভানা ফার্মাসিউটিক্যালসের প্রতিনিধি মো. মাসুদুর রহমান বলেন, পশু চিকিৎসা মানুষের চিকিৎসার তুলনায় অধিক চ্যালেঞ্জিং হওয়ায় দক্ষ ভেটেরিনারিয়ানের গুরুত্ব বিশ্বব্যাপী বৃদ্ধি পাচ্ছে। এ খাতে দক্ষ জনবল গড়ে তুলতে প্রতিষ্ঠানটি সহযোগিতা অব্যাহত রাখবে।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে নাভানা ফার্মাসিউটিক্যাল লিমিটেডের ব্র্যান্ড এক্সিকিউটিভ ডা. মো. তৌফিক মাহমুদ পাভেল শিক্ষার্থীদের কিটের ব্যবহার ও বাস্তব প্রয়োগ বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, এ উদ্যোগ শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা উন্নয়ন ও বাস্তবভিত্তিক শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।