ঢাকা

গাকৃবি-সিরডাপের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরে ঐকমত্য

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি) ও সেন্টার অন ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিকের (সিরডাপ) মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদারে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের বিষয়ে ঐকমত্য হয়েছে। এর মাধ্যমে কৃষি, পল্লি উন্নয়ন, গবেষণা, প্রশিক্ষণ ও জ্ঞান বিনিময়ে দুই প্রতিষ্ঠানের সহযোগিতা বাড়বে বলে আশা করা হচ্ছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ বিষয়ে ঐকমত্যে পৌঁছান সিরডাপের মহাপরিচালক ড. পি. চন্দ্র শেখর ও গাকৃবির উপাচার্য অধ্যাপক ড. জিকেএম মোস্তাফিজুর রহমান।

অনুষ্ঠানে গাকৃবির শিক্ষা, গবেষণা, উদ্ভাবন ও সাম্প্রতিক অর্জন নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। পরে কৃষি ও পল্লি উন্নয়নে সমন্বিত গবেষণা, প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন, প্রযুক্তি ও জ্ঞান বিনিময় এবং যৌথ উদ্যোগ নিয়ে আলোচনা হয়।

গাকৃবির উপাচার্য বলেন, সিরডাপের সঙ্গে সহযোগিতার মাধ্যমে গবেষণা, প্রশিক্ষণ ও উদ্ভাবনকে মাঠপর্যায়ের মানুষের কাছে পৌঁছে দেওয়ার নতুন সুযোগ তৈরি হবে। সিরডাপের মহাপরিচালক বলেন, দুই প্রতিষ্ঠানের অভিজ্ঞতা ও সক্ষমতা একত্র করা গেলে কৃষি, পল্লি উন্নয়ন ও মানবসম্পদ বিকাশে কার্যকর উদ্যোগ নেওয়া সম্ভব হবে।

অনুষ্ঠানে সিরডাপের মানবসম্পদ ও প্রশাসন শাখার প্রধান এফ.এ.এম. জাকিরুল হক এবং গাকৃবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, শিক্ষক ও নিবন্ধক মো. আবদুল্লাহ্ মৃধা উপস্থিত ছিলেন।

পরে ড. পি. চন্দ্র শেখর বিশ্ববিদ্যালয়ের মাঠপর্যায়ের বিভিন্ন গবেষণা কার্যক্রম ও গবেষণাগার পরিদর্শন করেন। সংশ্লিষ্টরা জানান, এমওইউ স্বাক্ষরিত হলে যৌথ গবেষণা, প্রশিক্ষণ ও কর্মশালা, শিক্ষার্থীদের গবেষণা ও প্রকল্পে সম্পৃক্ততা এবং পেশাগত দক্ষতা উন্নয়নের সুযোগ আরও বিস্তৃত হবে।

 


সম্পর্কিত খবর