ঢাকা

গুলি করে ছাত্রদল নেতা হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ৫

নরসিংদীর পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদল নেতা ইব্রাহিম আল মাসুম হত্যা মামলার প্রধান আসামিসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। শুক্রবার রাত ৩টার দিকে কক্সবাজারের মহেশখালীর ঠাকুরপাড়া এলাকার একটি আবাসিক হোটেল থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামিদের গ্রেপ্তারে অভিযান চালানো হয়। পরে সিপিএসসি নরসিংদী ও র‍্যাব-১১-এর সহায়তায় একটি আবাসিক হোটেল থেকে মামলার প্রধান আসামি সাফাদি মির্জা বিজয়সহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার অন্য আসামিরা হলেন—শাহ আলম ফকির (৩০), রিফাত ওরফে বাবু ফকির (২২), তুষার (২৫) ও মেহেদী (২০)। তাঁদের সবার বাড়ি পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নের হাসানহাটা (ফকিরবাড়ী) গ্রামে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২ আগস্ট রাত পৌনে ২টার দিকে ডাঙ্গা ইউনিয়নের হাসানহাটা (ফকিরবাড়ী) এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইব্রাহিম আল মাসুম ও তাঁর সহযোগীদের ওপর হামলা চালানো হয়। এ সময় হামলাকারীরা গুলি চালায়। এতে ডাঙ্গা ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ইব্রাহিম আল মাসুম গুলিবিদ্ধ হন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হন।

পরে গুরুতর আহত মাসুমকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে নয় দিন চিকিৎসাধীন থাকার পর ১০ আগস্ট সকাল সাড়ে ১০টার দিকে তিনি মারা যান।

এ ঘটনায় নিহত মাসুমের শ্যালক হাসান মো. মহসিন বাদী হয়ে গত ৪ আগস্ট পলাশ থানায় মামলা করেন। মামলায় ৩৭ জনের নাম উল্লেখ করে আরও ১০ থেকে ১৫ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়।

পুলিশ জানায়, মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

 


সম্পর্কিত খবর