বিশ্বকাপ বাছাইয়ের প্লে অফ ফাইনালে ম্যাচ জুড়ে আক্রমণ করে অসংখ্য সুযোগ পেল বসনিয়া ও হার্জেগোভিনা। একের পর এক সেভ করে তাদের হতাশ করলেন জিয়ালুইজি দোন্নারুম্মা। শুরুতে পাওয়া লিড ধরে রাখতে না পারলেও, অনেকটা সময় একজন কম নিয়ে খেলে ম্যাচ টাইব্রেকারে টেনে নিল ইতালি। সেখানে পেরে উঠল না তারা।
বিশ্বকাপে ফেরার অপেক্ষা এবারও ঘুচল না চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের।
ইউরোপ অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের প্লে অফ ফাইনালে টাইব্রেকারে ইতালিকে ৪-১ গোলে হারিয়ে মূল পর্বে জায়গা করে নিল বসনিয়া। নির্ধারিত ও অতিরিক্ত সময়ে ১-১ সমতা ছিল।
বসনিয়ার মাঠে মঙ্গলবার রাতে মোইজে কিনের গোলে এগিয়ে যাওয়া ইতালি প্রথমার্ধের শেষ দিকে ১০ জনের দলে পরিণত হয়।
দ্বিতীয়ার্ধে হারিস তাবাকোভিচের গোলে সমতা টানে স্বাগতিকরা।
টাইব্রেকারে ইতালির প্রথম শট উড়িয়ে মারেন এসপোসিতো, ব্রায়ান ক্রিস্তান্তের শট লাগে ক্রসবারে। বসনিয়ার প্রথম চার শটে সবাই পান জালের দেখা।
ইতালি সবশেষ বিশ্বকাপ জেতে ২০০৬ সালে।
পরের দুই আসরে তারা বিদায় নেয় গ্রুপ পর্ব থেকে। ২০১৮ থেকে টানা তিন আসরে দর্শক হয়ে থাকতে হচ্ছে তাদের। এই তিনবারই প্লে অফে হেরেছে তারা।
বসনিয়া বিশ্বকাপে খেলবে ১২ বছর পর। এর আগে একবারই বিশ্বকাপে খেলেছিল তারা, ২০১৪ সালে।