ঝিনাইদহের শৈলকুপায় রাস্তা পারাপারের সময় ট্রাক চাপায় আবির হোসেন (১২) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার (১২ জুন) দুপুরে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের উপজেলার ভাটই বাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবির উপজেলার আসাননগর এবিসি আলিম মাদ্রাসার চতুর্থ শ্রেণির ছাত্র। সে একই উপজেলার দুধসর গ্রামের শানু আহমেদের ছেলে।
ঝিনাইদহ আরাপপুর হাইওয়ের ইনচার্জ ফয়সাল আহমেদ জানান, দুপুরের দিকে দাদির সঙ্গে ভাটই হাটে ছাগল বিক্রি করতে এসেছিল আবির। এরপর রাস্তা পারাপারের সময় পেছনের দিক থেকে আসা একটি সিমেন্ট বোঝায় ট্রাক তাকে চাপা দেয়। এতে ট্রাকের ডান চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে মরদেহটি উদ্ধার করে পুলিশ ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম চৌধুরী বলেন, ঘাতক গাড়িটি জব্দসহ চালককে আটক করা হয়েছে। এ বিষয়ে থানায় মামলা প্রক্রিয়াধীন।